২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি হামলা: গণজাগরণ মঞ্চের নাগরিক সমাবেশ শুক্রবার

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা এবং দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকায় নাগরিক সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2016, 08:11 PM

Updated : 20 Aug 2022, 01:12 PM

শাহবাগের প্রজন্ম চত্বরে শুক্রবার বিকাল ৪টায় ‘নিরাপদ বাংলাদেশ চাই’ স্লোগানে এই নাগরিক সমাবেশ ছাড়াও পতাকা মিছিল হবে বলে বৃহস্পতিবার মঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় সশস্ত্র বাহিনীর অভিযানে জিম্মি সঙ্কটের অবসানের পর ভেতর থেকে ২০ জনের লাশ উদ্ধার করা হয়, যাদের মধ্যে নয়জন ইতালীয়, একজন ভারতীয় এবং তিনজন বাংলাদেশি।

রোজার ঈদের দিন শোলাকিয়ায়ও সন্ত্রাসী হামলা হয়।

এছাড়া সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে লেখক-প্রকাশক, ব্লগার, শিক্ষক, পুরোহিত, বৌদ্ধভিক্ষু ও গণজাগরণ মঞ্চের কর্মী সমর্থকদের একই কায়দায় কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটছে।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ২০১৩ সালে গড়ে ওঠার পরপর ব্লগার আহমেদ রাজিব হায়দার, নীলাদ্রি চট্টোপাধ্যায় নীলয় ও  নাজিমুদ্দিন সামাদসহ বেশ কয়েকজন গণজাগরণ মঞ্চের কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়।