গোয়েন্দা পর্যালোচনার আওতায় আসছে সংসদ সচিবালয়ে কর্মরতরা
রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো সংসদ সচিবালয়ে কর্মরত প্রায় ১২০০ কর্মকর্তা-কর্মচারীর কর্মতৎপরতা সম্পর্কে হালনাগাদ গোয়েন্দা তথ্য যাচাই (নিরাপত্তা ভেটিং) করা হবে।
কর্মকর্তাদের কেউ রাষ্ট্রবিরোধী বা প্রতিষ্ঠানবিরোধী কর্মকাণ্ডে জড়িত আছে কি না, তা জানতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।
মঙ্গলবার ‘সংসদ ভবনে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা’ সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদ সচিব আব্দুর রব হাওলাদারের সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
গত ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে এবং ৭ জুলাই ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ ময়দানের কাছে পুলিশের উপর জঙ্গি হামলার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত এল।
সংসদ সচিবালয়ের ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস পুলিশ সুপার সেলিম খান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংসদ সচিবালয়ে চাকরিতে ঢোকার সময় ভেটিং করা হয়। এখন আমরা এটা রেগুলার করতে চাচ্ছি।”
বর্তমানে রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘নিরাপত্তা ভেটিং’ চালু রয়েছে। সেখানে কর্মরতদের কাজ শুরুর সময় এবং প্রতি ছয় মাস অন্তর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), পুলিশের বিশেষ শাখা (এসবি), প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর মাধ্যমে নতুন করে তথ্য সংগ্রহ করে তা হালনাগাদ করা হয়।
সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমানে সংসদ সদস্যদের আত্মীয়-স্বজন ও ব্যক্তিগত কর্মচারীর পরিচয়ে অনেকেই সংসদ ভবনে আসা-যাওয়া করেন। এদের অনেকেই রাতের বেলায় সাংসদদের ন্যাম ভবন ও এমপি হোস্টেলের বাসায় থাকেন।
“কিন্তু বর্তমানে দেশের যে পরিস্থিতি, তাতে এগুলো অনুমোদনযোগ্য নয়। নিরাপত্তায় যাতে কোনো ধরনের ফাঁক না থাকে, সে জন্য প্রতি বছর একবার করে কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত তথ্য হালনাগাদ করা হবে।”
নিরাপত্তা সম্পর্কিত ওই বৈঠকের সিদ্ধান্তে বলা হয়েছে, বর্তমানে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের গাড়ি যে পথে সংসদ ভবনে প্রবেশ করে, তা অফিস সময়ের একঘণ্টা পর বন্ধ করে দেওয়া হবে। এ সময়ের কোনো কোনো মন্ত্রী সংসদে আসা-যাওয়া করলে তাদের নিয়মিত ফটক ব্যবহার করতে হবে।
সংসদ এলাকায় বসবাসকারী কর্মকর্তা-কর্মচারীদের আত্মীয়-স্বজনের জন্য এলাকা পাস সরবরাহ করা হবে। বরাদ্দ পাওয়া বাসায় বাইরের লোকজনকে সাব-লেট দেওয়া বন্ধ করতে হবে।
সংসদ এলাকায় দিয়ে নিয়মিত যাতায়াত করা প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িগুলোর নম্বর প্রধান নিরাপত্তা কর্মকর্তার শাখায় পাঠাতে হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা কর্মকর্তা ও কর্মীদের জন্য বুলেট প্রুফ গাড়ি, হেলমেট ও লেগগার্ড মজুদ রাখতে হবে।
এ ছাড়া বৈঠকে সংসদ ভবন এলাকায় পুলিশ বাহিনীর নিয়োগ ন্যূনতম একবছর করার বিষয়ে আলোচনা হয়। বর্তমানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তিন মাসের জন্য সংসদে আসে।
ওই বৈঠকে সংসদ এলাকার কবরস্থান ও খেজুরবাগান এলাকার জঙ্গল কেটে পরিচ্ছন্ন করা, মনিপুরীপাড়া, মানিক মিয়া এভিনিউ ও আসাদ গেইট সংলগ্ন ফটটে আর্চওয়ে মেশিন ও ব্যাগ স্ক্যানার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
