ঢাকাযাত্রায় ভিড় কমেনি
নয় দিন ঈদ ছুটি শেষে রোববার সরকারি অফিস খুললেও এখনও ঢাকায় কর্মস্থলে ফিরতি মানুষের চাপ কমেনি বাস ট্রেনে।
গত তিনদিনের তুলনায় মঙ্গলবার ভিড় কিছুটা কম হলেও এদিনও ট্রেনের ভিতরে জায়গার অভাবে ছাদে ও ইঞ্জিনের সামনে পিছনে দাঁড়িয়ে আসতে হয়েছে অনেককে। ঢাকামুখী বাসের ছাদেও যাত্রীদের দেখা গেছে।
এদিকে নামি পরিবহনের পাশাপাশি ভাঙা পথে বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সকাল থেকে কমলাপুর স্টেশনে আসা ট্রেনগুলোতে উপচেপড়া ভিড় দেখা গেছে।
বেলা সোয়া ১১টায় কিশোরগঞ্জ থেকে আসা এগারোসিন্দু এক্সপ্রেসের ছাদে, ইঞ্জিনের সামনে-পেছনে বসে যাত্রীদের আসতে দেখা যায়।
“ট্রেইনে ব্যাপক ভিড় আছিল। খাড়ানের লাইগ্যাও জাগা পাই নাই।”
গোলাম সারওয়ার নামে আরেক যাত্রী জানান, ট্রেনে উঠা সহজ ছিল না মোটেও।
“ভিড়ের কারণে অনেকে উঠতেই পারে নাই। আমি কোনোমতে ঠেইল্লা-ঠুইল্লা উঠছি।”
ট্রেনে অতিরিক্ত ভিড়ে যাত্রীদের ভোগান্তি হয়েছে বলে অভিযোগ করেছেন শাখাওয়াত হোসেন নামে একজন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্ট্যান্ডিং টিকেটের বাইরেও টাকা খেয়ে অনেক যাত্রীকে ট্রেনে তুলেছে। তাদের কারণে অন্য যাত্রীদের হয়রানির শিকার হতে হয়েছে।”
মঙ্গলবারও কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের বেশ পরে ঢাকা পৌঁছেছে। নীলফামারীর চিলাহাটি থেকে ছাড়া আসা নীলসাগর এক্সপ্রেসের সকাল ৮টায় বিমানবন্দর স্টেশনে পৌঁছানোর কথা থাকলেও এসেছে দুই ঘণ্টা পর। এছাড়া খুলনার সুন্দরবন এক্সপ্রেস দেড় ঘণ্টা, সিল্ক সিটি এক্সপ্রেস এক ঘণ্টা ৫০ মিনিট, রংপুর এক্সপ্রেস আড়াই ঘণ্টা দেরিতে ঢাকা পৌঁছেছে।
ট্রেনটি ঢাকা আসতে দেরি হওয়ার জন্য বিভিন্ন স্টেশনে বাড়তি সময় কাটানোকে দায়ী করেন তিনি।
“সৈয়দপুর স্টেশন থেকে ঠিক সময়েই ছাড়ছে। কিন্তু অনেক স্টেশনে স্টপেজ দিয়েছে, আবার সেখান থেকে ট্রেন ছাড়তে দেরি করেছে।”
কমলাপুরের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী জানান, মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত ২৭টি ট্রেন কমলাপুরে এসেছে।
এদিন বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়ে এসেছে দাবি করে তিনি বলেন, কয়েকটি ট্রেনের দেরি হয়েছে যাত্রীর বাড়তি চাপের কারণে।
“যাত্রী বেশি থাকে বলে ট্রেনগুলো নির্ধারিত গতিতে চালানো যায় না। যাত্রী উঠাতেও সময় বেশি লাগে। এজন্য নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে না। তবে এ সমস্যা দু-একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।”
এদিন সকাল থেকেই গাবতলী বাস টার্মিনালে দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষের ভিড় দেখা গেছে।
বিভিন্ন পরিবহনের বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীদের অনেকে।
মিরপুরের ক্ষুদ্র ব্যবসায়ী আসিফ মাহমুদ বলেন, “পাটুরিয়া থেকে আমাদের ১০০ টাকা বলে উঠিয়েছে। অর্ধেক রাস্তা আসার পর বলে ভাড়া দেড়শ টাকা করে দিতে হবে। চিন্তা করেন অবস্থা! আমরাতো আর ওদের সঙ্গে ঝগড়া করতে পারব না।”
“পাংশা থেকে দৌলতদিয়া পর্যন্ত ৫০ টাকার ভাড়া ১০০ টাকা, পাটুরিয়া থেকে গাবতলীর ভাড়া ২০০ টাকা নিয়েছে।”
পরিবারের সঙ্গে ঈদ করে পাবনার সুজানগর থেকে ঢাকায় এসেছেন যাত্রাবাড়ীর ক্ষুদ্র ব্যবসায়ী আবদুল মান্নান।
তিনি বলেন, “কাজীরহাট থেকে আরিচা পর্যন্ত ৩০ টাকার ট্রলার ভাড়া নিয়েছে ৭০ টাকা। আরিচা থেকে ৯০ টাকার ভাড়া নিল ১০০ টাকা। সব জায়গায় ডাবল ভাড়া নিয়া নিল।”
মাগুরা থেকে একে পরিবহনের বাসে স্ত্রী নিয়ে এসেছেন গাজীপুরের একটি স্যুয়েটার কারখানার কর্মকর্তা মো. রুবেল খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে এই পরিবহনের ভাড়া ছিল সাড়ে চারশ টাকা। আজকে আসতে হলো সাড়ে ৬০০ টাকা দিয়ে।
“আমাদের ঈদ শেষ হয়। কিন্তু পরিবহন মালিকদের ঈদ শেষ হয় না। ঈদের এক সপ্তাহ আগে থেকে এক সপ্তাহ পর পর্যন্ত বেশি ভাড়া নেয়া চলতে থাকে।”
