জঙ্গি তথ্য দিলে পুরস্কার পাবেন পল্লী উন্নয়ন ও সমবায়কর্মীরা
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা জঙ্গি ও দুষ্কৃতীদের তথ্য দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন এ বিভাগের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁ।
সচিবালয়ে মঙ্গলবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় রাঙ্গাঁ এই ঘোষণা দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, সম্ভাব্য যে কোনো জঙ্গি তৎপরতা রোধে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনস্ত বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও সংস্থার নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং প্রয়োজনে বিশেষ বার্তা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
“এ বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি জঙ্গি ও দুষ্কৃতীদের বিষয়ে তথ্যদাতাকে পুরস্কৃত করা হবে।”
বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে রাঙ্গাঁ অনুষ্ঠানে বলেন, যে কোনো সামাজিক ও ধর্মীয় উৎসব ‘নিজে নিজে ভোগের নেশায়’ পালন না করে ত্যাগের মনোভাব নিয়ে পাড়া প্রতিবেশী ও আত্মীয়-স্বজনকে অংশীদার করলে এবং তাদের সার্বিক সহায়তা দিলে উৎসবগুলো ফলপ্রসূ হবে।
সমবায় বিভাগের সচিব প্রশান্ত কুমার রায় একটি বাড়ি একটি খামারসহ চলমান প্রকল্পগুলো আরও নিবিড় তদারকি ও কাজের মান বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
প্রতিটি কর্মকাণ্ডে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত রাখার ওপরও গুরত্ব আরোপ করেন সচিব।
