সাংসদ হান্নানসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল ২০ সেপ্টেম্বর
জাতীয় পার্টির সংসদ সদস্য এমএ হান্নান ও তার ছেলেসহ আটজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ২০ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছে আন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার এ আদেশ দেয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সোমবার আটজনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় জমা দেয়।
এর ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য মঙ্গলবার দুই মাস সময়ের আবেদন করে।এর ওপর শুনানি নিয়ে ট্রাইব্যুনাল ২০ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের আদেশ দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন ও রেজিয়া সুলতানা চমন।
প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আমরা দুই মাস সময়ের প্রার্থনা করি। ট্রাইব্যুনাল ২০ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছে।”
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাংসদ হান্নানসহ গ্রেপ্তার আসামিদের এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় বলে জানান প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন।
গ্রেপ্তার অন্য আসামিরা হলেন- সাংসদ হান্নানের ছেলে মো. রফিক সাজ্জাদ (৬২), ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদ (৬৯), মিজানুর রহমান মিন্টু (৬৩), মো. হরমুজ আলী (৭৩)।
আসামি মো. ফখরুজ্জামান (৬১), মো. আব্দুস সাত্তার (৬১) ও খন্দকার গোলাম রব্বানী (৬৩) পলাতক রয়েছেন।
চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় অগ্নিসংযোগ, লুটপাট, অপহরণ, আটক, নির্যাতন, হত্যা ও লাশ গুম- এ সাত ধরনের অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়।
২০১৫ সালের ১৯ মে ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন এ মামলা করেন। ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতের বিচারক পরে এজাহারটি গ্রহণ করে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন। তদন্ত সংস্থা ওই বছরের ২৮ জুলাই তদন্ত শুরু করে এবছরের ১১ জুলাই তা শেষ করে।
২০১৫ সালের ১০ অক্টোবর ট্রইব্যুনাল আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করলে ওইদিনই হান্নানকে গুলশানে তার বাড়ি থেকে এবং ছেলে রফিক সাজ্জাদকে ওই এলাকার একটি অফিস থেকে গ্রেপ্তার করা হয়।
একইদিন গ্রেপ্তার করা হয় ডা. খন্দকার গোলাম সাব্বির, মিজানুর রহমান মিন্টু ও হরমুজ আলীকে।
