সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মায়ের মৃত্যু
কারাবন্দি সাবেক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মা জোবাইদা রহমান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর।
দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় আক্রান্ত জোবাইদা রহমান ঈদের দুইদিন আগে অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মঙ্গলবার ভোরে সেখানেই তার মৃত্যু হয় বলে বাবরের একান্ত সহকারী একেএম মির্জা হায়দার আলী জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “স্যারের মা বার্ধক্যজনিত রোগে ভোর ৫টা ২০ মিনিটে মারা গেছেন।”
বাবরের মায়ের মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শোক প্রকাশ করে মরহুমার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
জোবাইদা রহমানের মৃত্যুতে দলের মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শোক প্রকাশ করেছেন।এক শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পরে বেলা ১২টার দিকে বাবরের বাসায় এসে মির্জা ফখরুল মরহুমার প্রতি শ্রদ্ধা জানান। তিনি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।
সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতাল থেকে মরহুমার মরদেহ ছেলে বাবরের গুলশানের বাসায় নেওয়া হয়।
আসরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরাস্থানে স্বামীর পাশে দাফন করা হবে বলে হায়দার আলী জানান।
মায়ের মৃত্যুর খবর কাশিমপুর কারাগারে বন্দি ছেলের কাছে পৌঁছানো হয়েছে বলে জানান বাবরের সহকারী।
জোবাইদা রহমানের স্বামী সাবেক পুলিশ সুপার একে লুৎফুর রহমান ১৯৯৬ সালে মারা যান। তাদের চার ছেলে ও তিন মেয়ে। বাবর ভাইদের মধ্যে ছোট।
বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় হত্যা মামলা এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায়ও তার নাম রয়েছে।
নেত্রকোনার মদন উপজেলায় নিজের নামে মহিলা কলেজ প্রতিষ্ঠা ছাড়াও বিভিন্ন জনহিতকর কাজ ও সমাজসেবায় যুক্ত ছিলেন জোবাইদা।
