মানহানির মামলায় মাছরাঙার এমডিকে তলব
‘মানহানিকর’ খবর প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীসহ সাত জনকে তলব করেছে ঢাকার একটি আদালত।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেয়।
মহানগর হাকিম মাহমুদুল হাসান বাদীর বক্তব্য শুনে আগামী ৩০ অগাস্ট অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের কর্ণধার, ভোস্টা এল এম জি কর্ণফুলী জয়েন্টভেঞ্চার কনসোর্টিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম এ রশিদের পক্ষে মামলাটি করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. মোবারকউল্যাহ।
মামলার আরজিতে বাদী উল্লেখ করা হয়, গত ৯ ও ১০ জুলাই গড়াই নদী পুনরুদ্ধার প্রকল্পে ওই প্রতিষ্ঠানের সরবরাহ করা দুটি ড্রেজার নিম্ন মানের ছিল বলে তারিখে মাছরাঙা টেলিভিশনে খবর প্রচারিত হয়। খবরে বলা হয়, গত বছরে ১২৭ কার্যদিবসের মধ্যে মাত্র ৮৯ দিন ওই ড্রেজার দুটি চালু ছিল, আর বাকি ৩৮ দিন ছিল বন্ধ। তাছাড়া এ বছরের ১২৭ কার্যদিবসের মধ্যে ৭২ দিন ছিল চালু এবং ৫৫ দিন ছিল নিষ্ক্রিয়।
প্রশাসনে প্রভাব খাটিয়ে ওই প্রতিষ্ঠান কোটি কোটি টাকার বিল তুলে নিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আরজিতে বলা হয়, বিভিন্ন সময় হুমকি দিয়ে গত ১০ ও ১১ মে মামলার তিন নম্বর অভিযুক্ত বদরুদ্দাজা বাবু বাদীর ন্যাম ভবন চেয়ারম্যানবাড়ি বনানীর কার্যালয়ে যান।
“৩ জুলাই অঞ্জন চৌধুরী, প্রধান বার্তা সম্পাদক রেজওয়ানুল হক রাজা এবং প্রতিবেদক বদরুদ্দাজা বাবুর চাহিদা মত ৫০ লাখ টাকা না দেওয়ায় অসৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠানের সুনাম নষ্টের জন্য অসত্য প্রতিবেদন প্রচার করে।”
মামলায় অপর অভিযুক্তরা হলেন, বংলাদেশ প্রকৌশল বিশ্বদ্যিালয়ের নৌযান প্রকৌশল বিভাগের অধ্যাপক খবিরুল হক চৌধুরী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহা পরিচালক বেলাল হোসেন, গড়াই প্রকল্পের কর্মী আব্দুল কাফি লস্কর ও গাড়িচালক মোছাব্বের হোসেন।
বাদী পক্ষের প্রধান আইনজীবী ছিলেন ব্যরিস্টার মঈনুল হোসেন।
