হেলমেট পরেন না মোটরসাইকেল আরোহীদের ৯৫%: মন্ত্রী
মোটরসাইকেল চালকদের নিয়ম মানাতে ‘কঠোর’ অবস্থানে যাওয়ার কথা বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকায় মোটরসাইকেল আরোহীদের ৯৫% হেলমেট পরেন না জানিয়ে তিনি বলেছেন, “মোটরসাইকেলে দুই জন আরোহীর বেশি থাকবে না এবং আরোহীদের অবশ্যই হেলমেট পরতে হবে। নির্দেশনাটি আমরা আরও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য কঠোর হতে যাচ্ছি।”
ঈদে মানুষের বাড়ি যাওয়া ও কর্মস্থলে ফেরা নিয়ে মন্ত্রণালয় গৃহীত পরিবহন ও মহাসড়ক ব্যবস্থাপনার সার্বিক বিষয় পর্যালোচনা করতে সোমবার সচিবালয়ে এক সভার পর সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “মোটরসাইকেলে কোনো অবস্থায় শিশুদের সহযাত্রী করা যাবে না। এখানে পুরো পরিবার নিয়ে মোটরসাইকেলে ওঠে। এটি খুবই বিপদজনক, বিষয়টা কঠোরভাবে দেখতে হবে।”
কয়েক মাস এক মোটরসাইকেলে তিন আরোহীর অংশগ্রহণে একের একের পর এক হত্যাকাণ্ডের প্রেক্ষিতে দুই চাকার এই যানে তিন জনের ওঠা ঠেকাতে গত মাসে আইনশৃঙ্খলা বাহিনীকে ‘কড়া’ নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রীর ওই নির্দেশের কয়েকদিনের মধ্যে মোটরসাইকেলে শিশুদেরও ওঠানো যাবে না বলে ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
সোমবার সভা শেষে ফিটনেসহীন যানবাহন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “মেট্রোরেল, এমআরটি, বিআরটি করে কোনো লাভ হবে না, পুরো পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা রয়েছে। সড়কে শৃঙ্খলা আমাদের চ্যালেঞ্জ, এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।”
ঈদুল আযহার আগে বিদেশ সফরের ছুটি নয়
ঈদুল আযহার আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তারা বিদেশ সফরের জন্য ছুটি পাবেন না বলেও বৈঠক শেষে জানান ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, “আমি ছুটি অনেক দিয়েছি, গত এক বছর নিজে ছুটি নেইনি, আমেরিকা-ইউরোপ যাইনি, কাজে গিয়েছি চায়নায় চুক্তি করতে, ব্যাংকক, জাপান, ফিলিপাইন গেছি, কাজের বাইরে কোথাও যাইনি।”
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
“শুধু মাত্র সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এক সফরে যাবেন, আমি যাচ্ছি না বলে। অন্য কেউ বিদেশ সফরে ছুটি পাবেন না।
“আপনাদের কাছে অনুরোধ করব, কুরবানির ঈদ পর্যন্ত ছুটি নেবেন না,” বলেন মন্ত্রী।
এসময় অন্যদের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, বিআরটিএ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বিআরটিসি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেন, সওজ’র প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. মোফাজ্জেল হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
