২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরিস্থিতি ‘সংবেদনশীল’, সতর্ক ইসি

ঢাকা ও কিশোরগঞ্জে জঙ্গি হামলার পর পরিস্থিতিকে ‘সংবেদনশীল’ বিবেচনা করে সংসদের দুটি আসনে শান্তিপূর্ণভাবে উপনির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2016, 03:10 PM

Updated : 12 Apr 2022, 02:26 AM

এক সপ্তাহ পরের ময়মনসিংহ-১ ও ময়মনসিংহ-৩ আসনে উপনির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বিদ্যমান পরিস্থিতিতে নাশকতার আশঙ্কার বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, “এটা নিয়ে আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি। এটা খুব সংবেদনশীল পরিস্থিতি, আইনশৃঙ্খলাবাহিনীও তৎপর রয়েছে।”

পরিস্থিতি যাতে খারাপ না হয় সে বিষয়ে অত্যন্ত সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান কাজী রকিব।

“আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি, ঘটনা ঘটার আগে ব্যবস্থা নিয়ে নিবৃত্ত করতে হবে। যাতে করে ঘটনা জটিল আকার ধারণ না করে। আইনশৃঙ্খলা বাহিনীও আমাদের আস্বস্ত করেছে, এ ব্যাপারে তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছে।”

দুটি আসনে শান্তিপূর্ণভাবেই ভোট হবে বলে আশা প্রকাশ করে সিইসি বলেন, “মাঠ পর্যায়ের গোয়েন্দা প্রতিবেদনে অস্বাভাবিক পরিস্থিতির কথা নেই, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে খালি হওয়া ময়মনসিংহ-১ ও ৩ আসনে উপ-নির্বাচন ১৮ জুলাই এ দুই আসনে ভোট হবে। দুই আসন মিলে মোট ৭ প্রার্থী ভোটের লড়াইয়ে থাকবেন।

এর ময়মনসিংহ ১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে লড়ছেন আওয়ামী লীগসমর্থিত প্রার্থী জুয়েল আরেং ও  স্বতন্ত্র প্রার্থী সেলিমা খাতুন।

ময়মনসিংহ ৩ (গৌরীপুর) আসনে নাজিম উদ্দিন আহমেদ (আওয়ামী লীগ), মো. শামসুজ্জামান (জাতীয় পার্টি), মো. আবু তাহের খান (ইসলামী ঐক্যজোট), মো. আব্দুল মতিন (ন্যাপ) ও মো. আজিজুল হক (স্বতন্ত্র) প্রতিদ্বিন্দ্বিতা করবেন।

নির্বাচন কমিশনের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার-ভিডিপি ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, মো. শাহনেওয়াজ ও ইসি সচিব মো. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

ময়মনসিংহে উপনির্বাচন: ৪ দিন মাঠে থাকবে আইন শৃঙ্খলাবাহিনী