২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে অতিরিক্ত ভাড়া, দেরিতে ছাড়ছে ট্রেন

ঈদ শেষে ফিরতি যাত্রার প্রথম দিন বাস ও ট্রেনে ঢাকা ফেরা নিয়ে স্বস্তির কথা শোনা গেলেও এক দিনের ব্যবধানে সে চিত্র অনেকটাই বদলে গেছে। বেড়েছে ভিড়; টিকেটেও মিলেছে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ।

ওবায়দুর মাসুম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2016, 08:07 PM

Updated : 11 Oct 2022, 08:29 PM

রোববার সরেজমিনে দেখা গেছে, রাজধানীর কমলাপুর, গাবতলী ও সায়েদাবাদে ঢাকাফেরত মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

আর উত্তরবঙ্গের ট্রেনগুলোতে ছিল উপচেপড়া ভিড়। সিট না পেয়ে অনেক যাত্রীকে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে দাঁড়িয়ে। ট্রেনের ছাদেও ছিল অগণতি যাত্রী।

কয়েকটি ট্রেন দেরি করে ছাড়ায় ভোগান্তিতে হয়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

এর মধ্যে রংপুর এক্সপ্রেস সকাল ৭টায় স্টেশনে আসার কথা থাকলেও সেটি এসেছে বেলা পৌনে ১১টায়। এছাড়া একতা এক্সপ্রেস সাড়ে তিন ঘণ্টা এবং দ্রুতযান এক্সপ্রেস দুই ঘণ্টা দেরি করে ছেড়েছে।

দিনাজপুর থেকে আসা যাত্রী আরিফ হোসেন অভিযোগ করেন, দিনাজপুর থেকে ট্রেন ছাড়ার সময় ছিল রাত ৯টায়; ট্রেন ছেড়েছে রাত সোয়া ১১টার দিকে।

“অসুস্থ বাবাকে নিয়ে স্টেশনে দুই ঘণ্টা দাঁড়িয়েছিলাম। ট্রেন দেরি করায় খুবই কষ্ট হয়েছে। আমাদের দুর্ভোগ কবে শেষ হবে কে জানে?”

অতিরিক্ত যাত্রীর চাপে নিজের সিটেই বসতে পারেননি রংপুর এক্সপ্রেসের যাত্রী সিরাজুল ইসলাম।

তিনি বলেন, “একে তো স্টেশন থেকে দেড় ঘণ্টা লেট করে ছাড়ছে। এমন ভিড় ছিল যে ভিড় ঠেলে নিজের সিটে গিয়ে বসতেই পারিনি।”

ঈদের আগে ‘ভালোভাবে’ বাড়ি গেলেও ফেরার যাত্রাটা ‘কঠিন’ ছিল বলে যাত্রীদের অনেকের ভাষ্য।

কমলাপুর রেল স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, রোববার বেলা ১২টা পর্যন্ত কমলাপুর স্টেশনে ১৭টি ট্রেন এসেছে, ২৪টি ট্রেন ছেড়ে গেছে। অতিরিক্ত যাত্রীর চাপে ট্রেনগুলো গন্তব্য থেকে ছাড়তে দেরি হয়েছে বলে দাবি করেন তিনি।

“যাত্রীদের সবাই না উঠলে ট্রেন ছাড়া সম্ভব ছিল না। এছাড়া তারা মালপত্রও ট্রেনে তুলেছে। আর প্রতিটা স্টেশনেই পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট দাঁড়াতে হয়েছে। এ কারণে দেরি হয়েছে।”

গাবতলী গিয়েও দেখা গেছে রাজধানী ফেরত মানুষের ভিড়। পরিবার নিয়ে জিআর পরিবহনের বাসে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ফিরেছেন তৈরি পোশাক কারখানার ব্যবস্থাপক মিজানুর রহমান।

“বাচ্চারা অনেকদিন পর দাদাবাড়ি-নানাবাড়িতে গেছে। তাদের ঘোরাফেরা আর আনন্দটাই ছিল বেশি। আমার অফিস শুরু হয়েছে, ওদেরও স্কুল খুলেছে তাই চলে আসলাম। আসতে কোনো ঝামেলা হয়নি। আরামেই এসেছি।”

ফরিদপুরের মধুখালী থেকে আসা আনন্দ পরিবহনের বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন ওই বাসের যাত্রী মো. মিজানুর রহমান আজম।

তিনি বলেন, “ঈদের আগে এই বাসেই ৪০০ টাকায় গিয়েছি। আসার সময় নিল ৫০০ টাকা করে।”

পাটুরিয়া থেকে গাবতলী রুটের পদ্মা লাইন ও যাত্রীসেবাসহ বিভিন্ন পরিবহনের বাসে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

পরিবহনগুলোর কাউন্টারে গিয়ে দেখা গেছে, গাবতলী থেকে পাটুরিয়ার ভাড়া ৯০ টাকা রাখা হচ্ছে।

কুমিল্লার একটি ময়দা কারখানায় কাজ করেন রাজবাড়ীর রতন মিয়া।

তিনি অভিযোগ করে বলেন, “বাসওয়ালারা জ্বালাইয়া মারলো। অন্য সময় ১০০ টাকায় ডাকাডাকি করে। আইজকা কেউ ২০০ টাকার কমে নেয় না।”

বেসরকারি চাকুরীজীবী মো. সজল বিশ্বাসও করেছেন একই অভিযোগ।

তিনি বলেন, “কুষ্টিয়া থেকে পাটুরিয়া পর্যন্ত একশো টাকার ভাড়া দুইশ টাকা। আবার পাটুরিয়া থেকে ৯০ টাকার ভাড়া ২০০ টাকা দিয়া আসতে হলো। ঈদের আনন্দ মাটি করে দেয় গাড়িওয়ালারা।”

অবশ্য অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা-আরিচা মিনিবাস মালিক সমিতির অফিস ব্যস্থাপক শামীম আহমেদ।

তিনি বলেন, “পাটুরিয়া থেকে গাবতলী পর্যন্ত ভাড়া ১৫০ টাকা। আমরা একশ পঞ্চাশ টাকাই রাখছি।”

তাহলে ৯০ টাকা কেন রাখছেন জানতে চাইলে তিনি বলেন, “অন্য পরিবহনের সঙ্গে তাল মিলাইয়া চলতে হয়। তাই অন্য সময় ৯০ টাকা ছাড়া রাখি। ঈদের সময় পারা যায় না। চার্টের ভাড়া রাখতে হয়।”

ঈদ শেষে সিলেট, চট্টগ্রামসহ দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলের অনেকে ফিরছেন সায়েদাবাদ হয়ে। রোববার সায়েদাবাদ বাস টার্মিনালে আসা বাসগুলো ছিল যাত্রীতে পূর্ণ।

কুমিল্লার লাকসাম থেকে তিশা পরিবহনের বাসে ঢাকায় এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ফারুক হোসেন।

তিনি বলেন, “রাস্তা ফাঁকা ছিল বলে খুব দ্রুত চলে আসছি। গাড়িতেও অতিরিক্ত ভিড় ছিল না, আরামেই আসছি।”

এখনও তৈরি পোশাক কারখানার শ্রমিকরা আসতে শুরু করেনি তাই ভিড় কম বলে জানালেন লক্ষ্মীপুর থেকে আসা যাত্রী রুহুল আমিন।

“লোকজন ঢাকা থেকে যাওয়ার সময় একসঙ্গে যেতে চায়। তাই ভিড়ও বেশি থাকে। কিন্তু ফেরার সময় অত তাড়া থাকে না, আস্তে আস্তে আসে। আর এখনো গার্মেন্টস কর্মীরা আসতে শুরু করেনি। তারা আসতে শুরু করলে ভিড় বাড়বে।”

লঞ্চে ঢাকা ফেরা

রোববার বিকাল ৫টা পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চল থেকে ৮৭টি লঞ্চ সদরঘাটে এসেছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক সৈয়দ মাহফুজুল হক।

তবে সামনের দুই-একদিনের মধ্যে যাত্রীদের চাপ বাড়বে বলে তার ধারণা।

আর বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ বরকত উল্লাহ জানান, রোববার হুলারহাট ও মোড়েলগঞ্জ থেকে দুটি স্টিমার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।