২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার গুজবে ‘ভড়কায়নি’ নগরবাসী

বোমাতঙ্ক, সন্ত্রাসী হামলার ভয় উপেক্ষা করে ঈদে যেন উৎসবপ্রিয় মানুষের ঢল নেমেছিল রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোয়।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2016, 07:31 PM

Updated : 11 Oct 2022, 08:29 PM

ঈদের প্রথম দিনের মতো শেষ দুইদিনও নগরীর সব বিনোদন কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়, যা দেখে মনে হয়েছে জঙ্গি হামলার গুজবে ভড়কে যায়নি উৎসবপ্রিয় বাঙালি।

যমুনা ফিউচার পার্কে ‘২০ জুলাই জঙ্গি হামলার’ গুজব থাকলেও ঈদে সেখানে যেন ঢল নেমেছিল উৎসবমুখর নগরবাসীর। ঈদ আনন্দ করতে ঢাকার আশপাশ থেকেও পরিবার নিয়ে সেখানে এসেছিলেন অনেকে।

শনিবার ভাই-বোন ও বন্ধুদের নিয়ে যমুনা ফিউচার পার্কে এসেছিলেণ রাজধানীর তেজগাঁওয়ের বাসিন্দা আফনান।

জঙ্গি হামলার প্রসঙ্গ তুলতেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমার মনে হয় না, সত্যি এমন কিছু হবে। এখানে এত কড়া সিকিউরিটি আগে দেখিনি। জঙ্গি হামলার আশঙ্কায় কর্তৃপক্ষ কড়া নজরদারি রাখছে।”

মিরপুর থেকে সপরিবারে যমুনা ফিউচার পার্ক এসেছিলেনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মোহাম্মদ আকাশ।

সেখানে জঙ্গি হামলার আশঙ্কাকে একেবারেই আমলে নেননি জানিয়ে তিনি বলেন, “বছরের এই একটি দিন, পরিবারের সবাইকে নিয়ে আমরা ঘুরতে পারি। ভয়ে ঘরের কোণে বসে ঈদ পালন করব, তাই কি হয়?”

যমুনা ফিউচার পার্কে ঢুকতেই চোখে পড়ে ‘রোলার কোস্টার’,  ‘টাওয়ার চ্যালেঞ্জ’,  ‘ম্যাজিক উইন্ড মিল’, ‘স্কাই ড্রপ’ ,‘ফ্লাইং ডিস্কো’ ও  ‘পাইরেট শিপ’ নামে  রোমাঞ্চকর সব রাইড।

গাজীপুরের টঙ্গী থেকে আসা ফরহাদ হোসেন জানালেন, দুই মেয়ে তাসমিয়া ও কায়েবাকে নিয়ে ‘টাওয়ার চ্যালেঞ্জ’ ও ‘ম্যাজিক উইন্ড মিল’ এ চড়ার কথা।

“আমি একটু বেশি অ্যাডভেঞ্চারপ্রিয়। মেয়েদের নিয়ে প্রায়ই এখানে ঘুরতে আসি, রাইডেও চড়ি। তাসমিয়া বায়না করেছে, এবার সে যমুনা ফিউচার পার্কে আসবেই। মেয়ের আবদার রক্ষা না করে কি উপায় আছে?”

‘রোলার কোস্টারে’ চড়ার অনুভূতি জানাতে গিয়ে শারমিন নামের এক কলেজপড়ুয়া বলেন, “অসম্ভব মজার এক রাইড। তবে দুর্বলচিত্তদের এ রাইডে না উঠাই ভালো। থ্রিল ব্যাপারটি আসলে সবার জন্য না।”

ঈদ উপলক্ষে যমুনা ব্লকবাস্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘রানা পাগলা- দ্য মেন্টাল’, ‘শিকারি’ এবং নুসরাত ফারিয়া ও জিৎ অভিনীত ‘বাদশা’, ইমপ্রেস টেলিফিল্মের ‘দর্পন বিসর্জন’।

‘দর্পন বিসর্জন’ এর দর্শক তেমন না থাকলেও ‘শিকারি’ ও ‘বাদশা’র কাউন্টারে ছিল তরুণ দর্শকদের ভিড়।

সাবিহা, তাসনিম ও কান্তারা দলবল নিয়ে এসেছিলেন ‘বাদশা’ দেখতে।

শাকিব ভক্তদের উপচে পড়া ভিড় দেখা গেল ‘শিকারি’র কাউন্টারে।

তার ‘অন্ধ ভক্ত’ কলেজছাত্র বাপ্পী জানালেন, শাকিব খানের সাম্প্রতিক কোনো সিনেমাই ‘মিস করেননি। প্রতিটি সিনেমাই হলে দেখেছেন। ঈদে তাই বন্ধুদের নিয়ে এসেছেন ‘শিকারি’ দেখতে।

রাজধানীর আরেক জনপ্রিয় সিনেমা হল বসুন্ধরা সিটির সিনেপ্লেক্স। সেখানে ‍মুক্তি পেয়েছে ‘সম্রাট’, ‘শিকারি’  ও ‘বাদশা’।

‘সম্রাট’ দেখতে আসা তরুণ আখতারুজ্জামান গুলশান ও শোলাকিয়ার সন্ত্রাসী হামলার প্রসঙ্গ তুলে বলেন, “রাজধানীতে অনেক জায়গায় সন্ত্রাসী হামলা হতে পারে, এমন হুমকির কথাও শুনছি। কিন্তু আমার মনে হয়, কেউ গুজব রটাচ্ছে। উৎসবপ্রিয় বাঙালিদের এসব গুজবে ভড়কে দেওয়া যায় না।”

ঈদ উপলক্ষে বলাকা সিনেমা হলে চলছে ‘বাদশা’ সিনেমাটি । মর্নিং শোতে দর্শক তুলনামূলক কম হলেও ইভিনিং ও ম্যাটিনি শোতে উপচে পড়া ভিড় হচ্ছে বলে জানান হল ব্যবস্থাপক জয়।

তিনি বলেন, এক পর্যায়ে দর্শকের চাপে টিকেট কাউন্টারও বন্ধ করে দিতে হয়।

রাজধানীর আরেক সিনেমা হল মধুমিতার ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ‘শিকারি’ দেখতে নানা বয়সী দর্শকের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। এর আগের কোনো ঈদে এত চাপ ছিল না।

অভিসার সিনেমা হলের ব্যবস্থাপক দেলোয়ার হোসেন বলেন, শাকিব-অপুর ভক্তরা ‘সম্রাট’ দেখতে রীতিমতো ‘হাঙ্গামা’ করছেন।

বেশ কয়েকজন দর্শক টিকেট কালোবাজারির অভিযোগ করলেও তা তিনি মানতে নারাজ।

“আমাদের হলে কাউন্টার থেকেই টিকেট দেওয়া হচ্ছে; বাইরে কেউ টিকেট বিক্রি করছে না।”

মিরপুরের সনি সিনেমা হলের টিকেট কালোবাজারি নিয়ে দর্শকদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে হলটির ব্যবস্থাপক আবদুস সামাদ বলেন, “কালোবাজারি বলছেন কেন? আমরা ঈদ উপলক্ষে বাড়তি টাকা নিচ্ছি। বাসে চড়তে গেলেও তো পাঁচ-দশ টাকা বেশি দেন। হলের কর্মচারীদেরও তো চলতে হয়।”

টিকেট কালোবাজারির অভিযোগ পাওয়া গেছে রাজধানীর ক্যান্টনমেন্ট, এশিয়া, আজাদ ম্যানশন, চিত্রা, পুনম, রাণীমহল, পদ্মা-সুরমা, রাজমণি, রাজিয়া এবং জোনাকি সিনেমা হলের কর্মীদের বিরুদ্ধেও।

ব্যস্ত নাগরিক জীবনে অনেকেই বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পান না। তেমন তিনজন সুস্মিতা, মৌ ও ইভা শনিবার একত্রিত হন বসুন্ধরা সিটির ফুডকোর্টে।

সুস্মিতা বললেন, “ঈদের ছুটিতেই একত্রিত হতে পেরেছি আমরা। অন্য সময় তো সুযোগ মেলে না। আজ সারা ঢাকা ঘুরব আমরা।”

ঈদের ছুটিতে প্রতিবারের মতো এবারও তরুণ-তরুণীদের ভিড় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকাবাসী শিক্ষার্থীদের অনেকেই বন্ধুদের সঙ্গে ঈদ আনন্দ করতে যান ক্যাম্পাসে; করেন স্মৃতিচারণ, হই-হুল্লোড়।

বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের মাস্টার্সের শিক্ষার্থী ফারহানা রহমান কুন্তলা জানালেন, কদিন পরেই বিশ্ববিদ্যালয় জীবনের পাট চুকাবেন। বন্ধুদের অনেকেই ব্যস্ত হয়ে পড়ছেন কর্মক্ষেত্রে। ঈদের ছুটিতে এক হতে পেরেছি কয়েকজন। বিদায়ের কথা উঠতেই হাসি-তামাশার আড্ডায় নেমে এল রাজ্যের বিষণ্ণতা।

ঈদে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এবং রমনা পার্কও ছিল লোকারণ্য। প্রতিদিন বিকাল হতেই নগরবাসীর পদচারণায় মুখর হয়েছে পার্কগুলো।

ঈদ উপলক্ষে শুক্রবার চাঁদপুর থেকে ঢাকায় ঘুরতে এসেছিলেন মো. সালেক নামে এক ব্যবসায়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার অনেক স্মৃতি। ছেলে-মেয়েকে নিয়ে এসেছি পার্কটি দেখাতে। বলেছি, এখান থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছেন।”

রমনা পার্কে নাতি-নাতনিদের নিয়ে ঘুরতে এসেছিলেন আশিকুর রহমান।

সেখানকার নানা জাতের উদ্ভিদ ও বৃক্ষর সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিতি করানোর ফাঁকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “চারপাশের পরিস্থিতি ভালো না। তবুও বের হতেই হবে। আমরা যদি ভয়ে ঘরবন্দি হয়ে থাকি, তবে উগ্রবাদীরা আস্কারা পাবে।”

শুক্রবার সন্ধ্যায় স্ত্রী-কন্যাকে নিয়ে রাজধানীর হাতিরঝিলে ঘুরতে এসেছিলেন একটি বেসরকারি মোবাইল ফোন কোম্পানির কর্মকর্তা ফারুক আহমেদ।

কেমন লাগছে জানতে চাইলে বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে তিনি বলেন, “যে কোনো সময়, যে কোনো স্থানে সন্ত্রাসীরা বোমা হামলা করতে পারে। ভয় পেলে তো চলবে না। শহরজুড়ে এই যে মানুষের ঢল নেমেছে, এতেই তো প্রমাণিত হয়, তারা সন্ত্রাসীদের মোটেই ভয় পায় না।”