গুলশানের পিংক সিটিতে হঠাৎ তল্লাশিতে আতঙ্ক
পাঁচ দিন আগে জঙ্গি হামলায় ২২ জন নিহতের ঘটনাস্থল গুলশানে বহুতল বিপণীবিতান পিংক সিটিতে পুলিশের আকস্মিক তল্লাশিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে গুলশান ২ নম্বরের এই মার্কেট ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েনের পাশাপাশি তল্লাশি চালানো হয় বলে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান।
এরপর ওই বিপণীবিতানে ঈদের কেনাকাটা করতে আসা লোকজন দ্রুত চলে যেতে শুরু করে। বন্ধ হয়ে যায় সব দোকান-পাট।
পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার পর থেকে ওই এলাকায় ‘বিশেষ’ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
“তারই অংশ হিসাবে পিংক সিটিতে রাতে যখন অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা ছাড়াও তল্লাশি করা হচ্ছিল, তখনই লোকজন চলে যেতে শুরু করে।
“আমরা কাউকে চলে যেতে বলিনি বা দোকানপাট বন্ধ করতে বলিনি।”
গত শুক্রবার রাতে হলি আর্টিজান বেকারিতে একদল অস্ত্রধারী ঢুকে দেশি-বিদেশি অন্তত ২০ জনকে জিম্মি করে। পরদিন সকালে কমান্ডো অভিযানে সশস্ত্র বাহিনী সেখানকার নিয়ন্ত্রণ নেওয়ার পর ২০ জনের মৃতদেহ উদ্ধার হয়, যাদের ১৭ জন বিদেশি নাগরিক।
এর আগে রাতেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে অস্ত্রধারীদের গুলি-বোমায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হন।
