২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের দিন থেমে থেমে বৃষ্টির আভাস

গত কয়েকদিনের মতো ঈদের দিনও সারা দেশে থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহওয়া অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 09:35 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার ঈদুল ফিতরের দিন রাজধানী ঢাকায় বৃষ্টি কিছুটা কম হলেও দেশের অন্যত্র হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি।

আবহওয়া অধিদপ্তর সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেতও দেখিয়ে যেতে বলেছে।

বরাবরের মতো এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত হওয়ার কথা জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮টায়।

জাতীয় ঈদগাহে নারীদের নামাজ আদায়ের জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রদূত এবং কূটনীতিকদের জন্যও রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা।

চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও রংপুরে ঈদের প্রধান জামাত হওয়ার কথা সকাল সাড়ে ৮টায়, রাজশাহীতে ৮টায়। দেশের অন্যত্রও ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ঈদের প্রধান জামাত হতে পারে।

ঈদের দিন আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জামাতই ঈদের প্রধান জামাত হবে বলে ধর্ম সচিব মো. আব্দুল জলিল জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবারও গত কয়েকদিনের মতো সারা দেশে থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ কম হতে পারে।”

তিনি বলেন, এমন প্রতিকূল আবহাওয়া আরও দুইদিন থাকতে পারে। শনিবার থেকে পরিস্থিতি একটু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে টেকনাফে, ১৪৮ মিলিমিটার। এসময় দেশের সব আবহাওয়া অফিসেই ২৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

বৃহস্পতিবারের পূর্বাভাসে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের শঙ্কা রয়েছে।

এতে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরে ঝড়ো হাওয়ার শঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এসময় ভারি বর্ষণ ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

পুরনো খবর:

ঈদ জামাত কখন কোথায়
বৃষ্টি হতে পারে ঈদের দিন