২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হিংসা-দ্বেষের অবসান হোক ঈদে’

হিংসা-বিদ্বেষ পেছনে ফেলে ঈদ সবার জন্য সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দ নিয়ে আসবে বলে প্রত্যাশা করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 08:13 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

ঈদের আগের দিন বুধবার আলাদা বাণীতে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা।

সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

পাঁচ দিন আগে গুলশানের জঙ্গি হামলায় হতাহতের শোক বুকে নিয়েই রোজা শেষে বৃহস্পতিবার মুসলমানদের সবচেয়ে বড় এই উৎসব পালন করতে যাচ্ছে বাংলাদেশ।

রাষ্ট্রপতির বাণী

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবদুল হামিদ বলেছেনে, “ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বাংলায়। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।

“শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন তাই চিরন্তন।”

রাষ্ট্রপতি তার বাণীতে দারিদ্র্য ও শোষণমুক্ত সমাজের প্রত্যাশা করে বলেছেন, “ঈদুল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সমৃদ্ধ সমাজ।

“পবিত্র ঈদুল ফিতর সবার জন্য আনন্দপূর্ণ ও কল্যাণকর হোক”    

প্রধানমন্ত্রীর বাণী

ঈদুল ফিতর উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “মাসব্যাপী সিয়াম সাধনার পর সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর।”

ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয় মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ  হয়।”

ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক।”

বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

মানুষের মনের সকল হিংসা-বিদ্বেষ, সংকীর্ণতা, কুটিলতা পরিহার করে ঈদ অনাবিল আনন্দ, সুখ, শান্তি সম্প্রীতির বারতা বয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের শুভেচ্ছা

সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়া বলেছেন,  “ঈদুল ফিতরের উৎসবে সমাজের সকল ভেদরেখা ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায় ও সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ধনী-গরিব, উঁচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়।”

“হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির চেতনা দান করে ঈদুল ফিতরের উৎসব”

খালেদা জিয়া বলেছেন, “চাঁদাবাজীর জুলুম, সন্ত্রাসের নানা ডালপালা এবং জিনিসপত্রের অভিঘাত সত্ত্বেও ঈদ আমাদের জাতীয় জীবনে সংস্কৃতির দ্যোতক, আবহমান কাল থেকে শুভেচ্ছা ও আনন্দের আদান-প্রদান।”

জাতীয় পার্টির চেয়ারম্যানের শুভেচ্ছা

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ঈদ উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, “পবিত্র ঈদুল ফিতর-আমাদের ধনী-দরিদ্র, উঁচু-নিচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে।”

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন এরশাদ তার বার্তায়।