জাতীয় ঈদগাহে একসঙ্গে ‘লাখো মুসল্লির’ ব্যবস্থা
জাতীয় ঈদগাহে এক সঙ্গে এক লাখ মুসল্লির ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের মেয়র সাঈদ খোকন জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে ঈদগাহ পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের বলেন, “একসঙ্গে এক লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। প্রায় পাঁচ হাজার নারীরও ঈদের নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে।”
মঙ্গলবার চাঁদ দেখা গেলে বুধবার ঈদ। তা না হলে বৃহস্পতিবার সকালে ঈদের নামাজ পড়বেন বাংলাদেশের মুসলমানরা।
বরাবরের মতো এবারও রাজধানী ঢাকায় ঈদুল ফিতরের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল সাড়ে ৮টায়।
রাষ্ট্রপতি আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ এ জামাতে অংশ নেবেন।
জাতীয় ঈদগাহ ঘিরে পুলিশের নিরাপত্তা প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন খোকন।
বর্ষার এই সময়ে ঈদের দিন বৃষ্টিপাতের সম্ভাবনার বিষয়টিও সিটি করপোরেশনের ‘মাথায় আছে’ বলে জানান মেয়র।
“হালকা বা মাঝারি বৃষ্টিতে এখানে সকাল সাড়ে ৮টায় নামাজ পড়তে সমস্যা হওয়ার কথা না। তবে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় হলে ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাতের ব্যবস্থা করা হয়েছে।”
ঢাকা দক্ষিণের প্রতিটি ওয়ার্ডে মসজিদ ও মাঠ মিলে অন্তত ১৫টি স্থানে ঈদের জামাত হবে বলেও জানান তিনি।
