২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের পথে সাত জাপানির মরদেহ

গুলশানে জঙ্গি হামলায় নিহত সাত জাপানির মরদেহ নিয়ে দেশের উদ্দেশে যাত্রা করেছে একটি বিশেষ বিমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2016, 01:02 AM

Updated : 11 Oct 2022, 08:28 PM

সোমবার রাত ৮টা ৪০মিনিটে জাপানের ওই বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে বলে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসপি মো. আনিসুজ্জামান জানান।

শুক্রবার গুলশানের হলি আর্টিজান বেকারিতে বন্দুকধারীরা হামলা চালিয়ে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। পরদিন সকালে কমান্ডো অভিযানে ওই ক্যাফের নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী।

পরে সেখান থেকে ২০ জিম্মির মৃতদেহ উদ্ধার করা হয়, যাদের ১৭ জন বিদেশি নাগরিক বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

হামলায় জাপানের সাত নাগরিক ছাড়াও ইতালির নয়জন এবং ভারতের এক নাগরিক নিহত হন।

নিহত জাপানিরা ঢাকার মেট্রোরেল প্রকল্পের সমীক্ষক হিসেবে কাজ করছিলেন।

এ হত্যাকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন,  ঢাকায় এই সন্ত্রাসী হামলা অগ্রহণযোগ্য এবং এটা ‘আমায় ভীষণভাবে ক্ষুব্ধ করেছে’।

তিনি বলেন, ঢাকায় যে সাতজন নিহত হয়েছেন, তারা সবাই সেখানে গিয়েছিলেন বাংলাদেশেরই কল্যাণের জন্য।

গত বছর এক জাপানি বাংলাদেশে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর গুলশানের এই ঘটনায় জাপানিদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

এদিকে গুলশানের হামলায় নিহত ভারতীয় নাগরিক তারিশি জৈনের শেষকৃত্য সোমবার গুরগাঁওয়ে সম্পন্ন হয়েছে বলে বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে।

দিল্লি-গুরগাঁও এক্সপ্রেসওয়ের পাশে শিব মূর্তি শ্মশানে তার শেষকৃত্য হয়।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার (বার্কলে) এই ছাত্রীর মরদেহ ঢাকা থেকে বিকালে দিল্লি পৌঁছালে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মন্ত্রীরা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।