গুলশানে নিহতদের জন্য ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা
গুলশানে সন্ত্রাসীদের হামলায় নিহতদের স্মরণে ও তাদের আত্মার শান্তি কামনায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা সভা করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
সোমবার দুপুরে এ প্রার্থনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ নাথ অংশ নেন।
এসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে জঙ্গি প্রতিরোধের আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার পর গুলশানে হামলা চালিয়েছে জঙ্গিরা।
“জাতীয় নিরাপত্তার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।”
একইসঙ্গে গুলশানে এবং বিভিন্ন সময়ে জঙ্গি হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন তিনি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জয়ন্ত সেন দীপুর সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, ড. নিম চন্দ্র ভৌমিক, সাংবাদিক স্বপন সাহা, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জে এল ভৌমিক, নির্মল চ্যাটার্জি, সাংবাদিক মনোজ রায় ও ছাত্রলীগের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি জয়দেব নন্দী প্রমুখ প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন।
