ট্রেনে উপচে পড়া ভিড়, বাসে ভোগান্তি
স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যের মানুষরা ছুটছেন পরিবহন ধরতে।
সোমবার দিনভর রাজধানীর কমলাপুর স্টেশনের ছিল উপচে পড়া ভিড়। শেষবেলায় টিকেটের বাড়তি মূল্য ও সময়মতো গাড়ি না আসার ভোগান্তি সহ্য করতে হচ্ছে দূরপাল্লার বাসযাত্রীদের।
বাসের টিকেট পাওয়া গেলেও দাম বেশি নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীদের কেউ কেউ। তবে অভিযোগ অস্বীকার করে পরিবহন মালিকরা বলেছেন, সরকার নির্ধারিত ভাড়াই নিচ্ছেন তারা।
কমলাপুরে নতুন করে কোনো টিকেট দেওয়া হচ্ছে না, যারা যেতে নাছোড়বান্দা তাদের ‘স্ট্যান্ডিং টিকেট’ দেওয়া হচ্ছে। প্রায় সব ট্রেনেই সময়মতো ছেড়ে গেছে বলে জানায় কর্তৃপক্ষ।
সকাল ৯টায় রংপুরের পথে ছেড়ে যাওয়া রংপুর এক্সপ্রেসের ভেতরে দাঁড়ানোর কোনো জায়গা না থাকায় যাত্রীদের ছাদে উঠতে দেখা যায়। নিরাপত্তা কর্মীরা তাদের নামিয়ে দিলেও ঠিকই ট্রেন ছাড়ার সময় আবার উঠেন তারা।
শরিফ বলেলেন, “১২ ঘণ্টা দাঁড়িয়েই থাকতে হবে। তাতেও আপত্তি নাই, বাড়ি যেতে পারব এটাই বড় কথা।”
সকাল ৭টায় চট্টগ্রামের পথে ছেড়ে যাওয়া সোনার বাংলায় উঠেছেন বেসরকারি টেলিভিশনের সংবাদকর্মী উম্মুন নাহার, সঙ্গে তার ছয়মাস বয়সী সন্তান।
মোবাইল ফোনে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন ট্রেন খুব ভাল লাগছে, সময়মতোই ছেড়েছে। আমার সন্তান প্রথম দাদাবাড়ি যাবে। তাই আমার ঈদের আনন্দ ডাবল।”
কমলাপুর স্টেশনে নিরাপত্তার বেশ কড়াকড়ি দেখা যায়।রেলওয়ের নিয়মিত নিরাপত্তাকর্মীদের সঙ্গে পুলিশ ও আর্মড পুলিশরাও দায়িত্ব পালন করছেন। টিকেট ছাড়া প্লাটফর্মে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, যাত্রীদের দেহ তল্লাশিও করা হচ্ছে।
“এবার একটা ইতিবাচক বিষয় খুব ভাল লেগেছে, টিকেট চেক করে ঢুকতে দিয়েছে। প্লাটফর্মে অযথা ভিড় নেই।”
অনলাইনে ট্রেনের টিকেট কাটায় তার কোনো ভোগান্তি হয়নি বলে জানান ইশরাত।
বিভাগীয় রেলের ব্যবস্থাপক আরিফুজ্জামান বলেন, “গতকালের চেয়ে আজ ভিড় একটু বেশি।
“সকাল ১০টা পর্যন্ত কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যে ১৪টি ট্রেন ছেড়ে গেছে। দুটি ট্রেন কিছুটা বিলম্ব ছেড়েছে। বাকিগুলি ঠিক সময়ে ছেড়েছে।”
গুলশানে ক্যাফেতে জঙ্গি হামলার কারণে স্টেশনে সতর্কতা একটু বেশি বলে জানান তিনি।
রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে থেকে কোনো পরিবহনেরই অগ্রিম টিকেট না দেওয়ায় বাস ধরতে আসা যাত্রীদের টিকেটের জন্য কাউন্টারগুলোতে ছুটোছুটি করতে দেখা যায়।
ঢাকার একটি পোশাক কারখানার কর্মকর্তা সাদেক হোসেন যাবেন কুমিল্লার মুরাদনগরে; তৃষা পরিবহনের টিকেট কেটেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আগে সব সময় ভাড়া নিতো ১৮০ টাকা, আজ নিচ্ছে ৩০০ টাকা।”
খুলনাগামী সুন্দরবন পরিবহনের টিকেট কেটেছেন আসবাবপত্রের দোকানের মিস্ত্রি দেলোয়ার হোসেন; বললেন, “আগে টিকেটের দাম নিতো ৩৫০-৪০০ টাকা। আজকে ৬০০ টাকা চেয়েছিল, পরে দরদাম করে ৫০০ টাকায় কিনেছি।”
মাদারীপুরের পথে সোনালী পরিবহনের যাত্রী লুৎফুর রহমান ভাড়া বেশির অভিযোগ করলেও তা মেনে নিয়েছেন।
“আগে ২৫০ টাকা ভাড়া নিলেও আজ ৩০০ টাকা নিয়েছে। ঈদের সময় একটু বেশিই নেয়,” বলেন মগবাজারের এই ব্যবসায়ী।
তবে সায়েদাবাদ টার্মিনাল থেকে নরসিংদী, কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জসহ ঢাকার আশপাশের জেলাগুলোর বাসের ভাড়া আগের মতোই নেওয়া হচ্ছে জানালেন বেশ কয়েকজন যাত্রী।
বেশি ভাড়ার নেওয়ার অভিযোগ অস্বীকার করে তৃষা পরিবহনের অন্যতম তবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিআরটিসির নির্ধারিত ভাড়াই নিচ্ছি।
“প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আগে নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়া হতো।”
সায়দাবাদ আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম জানান, সেহরির পর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত যাত্রীর বেশ চাপ ছিল। এর পর তেমন চাপ নাই।”
সমিতির পক্ষ থেকে জোরদার তদারকি থাকায় কেউ বেশি ভাড়া নিচ্ছে না বলে দাবি করেন তিনি।
গাবতলী বাস টার্মিনালে দেখা যায়, সময়মতো বাস না আসায় ভোগান্তিতে পড়েন উত্তরবঙ্গগামী যাত্রীরা।
একটি তৈরি পোশাক করাখানার মার্চেন্ডাইজার শেখ জিয়াউল হক ঈদ যাবেন বগুড়া। স্ত্রী ও শিশু সন্তানসহ সকাল সাড়ে ৮টা থেকে হানিফের কাউন্টারে অপেক্ষা করছেন তিনি।
দুপর ১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সকাল সাড়ে ৯টায় বাস আসার কথা থাকলেও এখনো বাসের দেখা নেই। কাউন্টারে জিজ্ঞেস করলাম, বলল যে গাড়ি এখনো ঢাকায় এসে পৌঁছায়নি, মির্জাপুরের হাতিভাঙ্গায় আছে।
“তার মানে আরে দুই ঘণ্টা বসে থাকতে হবে।”
একই অভিযোগ করলেন দিনাজপুরের যাত্রী ঢাকার একটি বেসরকারি হাসপাতালের টেকনোলজিস্ট আনিসুর রহমান।
পাবনা এক্সপ্রেসের যাত্রী মোবাশ্বের হোসেন বললেন, “সোয়া ১১টার দিকে গাড়ি আসার কথা- এখন দুপুর দেড়টা বাজে। গাড়ি কখন আসবে তা জিজ্ঞেস করব এমন উপায় ও নেই। কারণ কাউন্টারে কোনো লোকজনই নেই।”
ঢাকা-পঞ্চগড় রুটের রোজিনা পরিবহনের চালক রতন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বঙ্গবন্ধু সেতুর পর থেকেই যানজট। আমার গাড়ি নিয়ে পৌঁছানোর কথা ছিল সকাল ৮টায়, পৌঁছেছি বেলা সাড়ে ১২টায়।”
এ বিষয়ে হানিফ পরিবহনের মহাব্যাবস্থাপক মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনো যানজট পুরোপুরি শুরু হয় নি। বিকালে যখন গার্মেন্ট কারখানাগুলো ছুটি হবে তখন পরিস্থিতি আরও খারাপ হবে।কারণ লোকাল বাসগুলো তখন এলোপাতাড়িভাবে রাস্তায় অবস্থান করবে, জায়গায় জায়গায় থেকে যাত্রী আপ-ডাউন করবে।”
