‘ভোগান্তিহীন’ ঈদযাত্রার মুহূর্তেও মিলছে বাসের টিকেট
নিকটজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন অঞ্চলের গন্তব্যের দিকে ছুটছে রাজধানীবাসী।
ঈদের দুই বা তিন দিন বাকি থাকতে রোববার ঢাকার বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চঘাটে যাত্রীদের ভিড় থাকলেও অন্য বছরের তুলনায় তা কম বলে জানিয়েছে পরিবহন সংশ্লিষ্টরা।
মহাসড়কে তেমন একটা যানজট না থাকায় যথাসময়েই গাড়ি ছাড়ছে বলে জানিয়েছেন তারা।
গাবতলী বাস টার্মিনালে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্যের যাত্রীদের গাড়ি ছাড়ার আগ মুহূর্তেও টিকেট কিনতে দেখা যায়।
রোববার ঝিনাইদহে যাওয়ার আগ মুহূর্তে টিকেট কেটেছেন টঙ্গীর ক্ষুদ্র ব্যবসায়ী মো. শাহীন আলম।
“সকালে এসেই টিকেট কাটলাম, কোনো ঝামেলা হয় নাই।”
যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো. জিকরুল হাসান পরিবার নিয়ে মাগুরা যাবেন। এবার ঝামেলা কম থাকায় খুশি তিনি।
হানিফ পরিবহনের গাবতলী কাউন্টারের ব্যবস্থাপক সঞ্জিত কুমার দাস জানান, অগ্রীম বিক্রিতে পেছনের কিছু সিট ফাঁকা ছিল। ফলে কেউ কেউ যাওয়ার আগে টিকেট কাটতে পারছেন।
ঈগল পরিবহনের ব্যবস্থাপক হাদিউজ্জামান মিথুন জানান, “এতদিন তো টার্মিনাল প্রায় ফাঁকাই ছিল। আজ যাত্রীর সংখ্যা একটু করে বেড়েছে।”
উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের বাসের টিকিটের চাহিদা কম বলে জানান সুবর্ণ পরিবহনের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান।
“অবস্থা দেখেন দুই দিন পর ঈদ। আর আমরা যাত্রী পাই না।”
বিভিন্ন গন্তব্যের বাসগুলো মোটামুটি ঠিক সময়েই ছেড়ে গেছে বলে জানিয়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
হানিফ পরিবহনের যাত্রী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের ছাত্র সালেহ মাহফুজ যাবেন ঠাকুরগাঁওয়ে।
হানিফ পরিবহনের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন জানান, সড়কে যানজট কম থাকায় বাসগুলো মোটামুটি ঠিক সময়ে ছেড়ে যাচ্ছে।
“প্রশাসন তৎপর আছে। এছাড়া যাত্রীদেরও চাপ কম। ফলে গাড়িগুলো সময়মতো আসতে পারছে। একারণে ঠিক সময় যেতেও পারছে।”
বাস টার্মিনালের মতো কমলাপুর স্টেশনে কিছুটা ভিড় বাড়লেও একমাত্র তিস্তা এক্সপ্রেস ছাড়া আর কোনো ট্রেনেই উপচেপড়া ভিড় ছিল না; ট্রেনগুলোও সময়মতো ছেড়েছে।
ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি হলেও রোববার যাত্রার আগে বিক্রি হয়েছে কিছু লোকাল ও মেইল ট্রেনের টিকিট।
ঈশ্বরদী এক্সপ্রেসে টাঙ্গাইলের যাত্রী প্রণয় সাহা বলেন, “স্টেশন যথেষ্ট ফাঁকা। গাড়িতে উঠে টিকেট কাটার ব্যবস্থা আছে। আশা করি পেয়ে যাব।”
কমলাপুরের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী জানান, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কমলাপুর থেকে ২১টি ট্রেন ছেড়ে গেছে।
“ট্রেন সময়মতো স্টেশনে আসায় ছেড়েছে সময়মতো। কোনো ট্রেন লেট করেনি। যাত্রীরাও খুশি, আমাদেরও স্বস্তি।”
সদরঘাটে বৃষ্টির ভোগান্তি
সদরঘাট থেকে স্বাভাবিকভাবেই গ্রামের বাড়িতে যাচ্ছে মানুষ। যাত্রীর তেমন চাপ নেই, কেবিন বা আসন পেতেও কোন সমস্যা হচ্ছে না।
রোববার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সদরঘাটে আসা নারী ও শিশুদের ভোগান্তি পোহাতে হয়।
বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক (টিআই) সৈয়দ মাহফুজর রহমান বলেন, যাত্রীর তেমন চাপ নেই।
সুন্দরবন গ্রুপের মহা-ব্যবস্থাপক আবুল কালাম ঝন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের কোম্পানির পাঁচটি লঞ্চ ঘাটে ভেড়ানো রয়েছে কিন্তু যাত্রী নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, যাত্রীদের চলাচলের সুবিধার জন্য চার হাজার ২০০ বর্গফুট পার্কিং স্পেস বাড়ানো হয়েছে।
চাঁদপুর ও বরিশারের ডে-সার্ভিসের জন্য যাত্রীরা এখন থেকে লালকুঠির ঘাট দিয়ে যাবেন। এর ফলে মূল পন্টুনে যাত্রীর চাপ কমে যাবে।
বৃহস্পতিবার থেকে স্পেশাল সার্ভিস শুরু হয়েছে বলে জানান বিআইডব্লিউটিসির সহকারী মহা-ব্যবস্থাপক সৈয়দ বরকত উল্ল্যাহ।
তিনি বলেন, রোববার সদরঘাট থেকে দুটি স্টিমার মোড়েলগঞ্জ ও হুলার হাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। সোমবার সন্ধ্যা ৬টায় হুলারর হাট ছেড়ে যাবে মধুমতি, আর সাড়ে ৬টায় ছেড়ে যাবে স্টিমার মাসুদ।
১০ জুলাই পর্যন্ত এই বিশেষ সেবা চলবে বলে তিনি জানান।
