২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে হতাহতদের জন্য ফেইসবুকে শোক

ঢাকার গুলশানে ক্যাফেতে সন্ত্রাসী হামলায় হতাহতের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নানাভাবে শোক প্রকাশ করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2016, 01:03 PM

Updated : 20 Aug 2022, 01:08 PM

অনেকেই তাদের প্রোফাইল ও কাভার ছবিতে শোকের প্রতীক কালো ব্যাজ দিয়েছেন। কেউ আবার পুরো প্রোফাইল কালো করে রেখেছেন।

ঢাকার কূটনীতিকপাড়া গুলশানের হলি আর্টিজান বেকারিতে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে একদল অস্ত্রধারী ঢুকে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। প্রায় ১২ ঘণ্টা পর শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানের মধ্য দিয়ে রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী।

আইএসপিআর জানায়, ওই রেস্তোরাঁ থেকে ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়, যাদের ১৭ জন বিদেশি নাগরিক। রাতেই তাদের গলা কেটে হত্যা করে হামলাকারীরা।

অভিযানে ছয় হামলাকারীও নিহত হয় বলে আইএসপিআরের দাবি।

নিহতদের মধ্যে নয়জন ইতালীয় ছাড়াও সাতজন জাপানি এবং একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি, যাদের মধ্যে একজনের যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব রয়েছে।

শনিবার নিহতদের পরিচয় প্রকাশের পর থেকেই ফেইসবুক ব্যবহারাকীরা তাদের প্রোফাইল ও কাভার ছবি পরিবর্তন করতে শুরু করেন।

শোক প্রকাশের জন্য অনেকে অন্ধকারে মোমবাতির ছবি, নিজস্ব প্রতিক্রিয়া লিখে প্রোফাইল বা কাভার পরিবর্তন এবং নানা স্ট্যাটাস দিচ্ছেন।

ঘটনার প্রতিক্রিয়ায় অনেকে এই ঘটনার নিন্দা জানিয়ে ছবি আপলোড করছেন। এছাড়া ফেইসবুকে ছড়িয়ে পড়া কমান্ডো অভিযানের কয়েকটি ভিডিও শেয়ার করছেন অনেকে।

পুরনো খবর:

ঢাকার জন্য শোক, নীরবতা