২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় গুলি করে ২০ লাখ টাকা ছিনতাই

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে একজনকে গুলি করে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2016, 09:36 PM

Updated : 20 Aug 2022, 01:07 PM

আহত আব্দুস সুবহান (৩৫)ডেমরার আল এরজাব টেক্সটাইল মিল নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সুপারভাইজার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সুবহান ডান উরুতে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন।

আহত সুবহানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ শাকিলের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, দুপুরে ব্যবসায়িক কাজে প্রাইভেটকারে করে নিয়ে মোহাম্মদ শাকিলসহ চকবাজার গিয়েছিলেন সুবহান। সেখান থেকে প্রতিষ্ঠানটির শ্রমিকদের ঈদের বেতন বোনাস বাবদ তারা ২০ লাখ টাকা সংগ্রহ করেছিলেন।

প্রেস ক্লাবের উল্টো দিকে চারটি মোটর সাইকেলে আট যুবক প্রাইভেকারটিকে আটকায় বলে শাকিল পুলিশকে জানিয়েছেন। 

তিনি বলেন, সুবহান গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ওই যুবকরা তার ডান উরুতে গুলি করে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এই ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করবেন বলে শাকিল জানিয়েছেন।

শাহবাগ থানার ওসি এবি সিদ্দিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।