২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভুটান বাংলাদেশের পাশে: তোবগে

ঢাকায় জঙ্গি হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ভুটানের প্রধানমন্ত্রী লিওনচেন শেরিং তোবগে বলেছেন, তার দেশ সবসময় বাংলাদেশের সঙ্গে আছে।

সাজিদুল হক

থিম্পু, ভুটান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2016, 07:17 PM

Updated : 11 Oct 2022, 08:26 PM

শনিবার থিম্পুর তাজ তাশি হোটেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে এসে দেশটির প্রধানমন্ত্রী জিম্মি সঙ্কট সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ায় জন্য বাংলাদেশ সরকারকে অভিনন্দনও জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ত্রাসী হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ভুটান সবসময় বাংলাদেশের পাশে আছে।

“বাংলাদেশে সরকারের শক্ত ও দ্রুত অবস্থানের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, এর মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে বার্তা পৌঁছেছে যে, সরকার কোনোভাবেই সন্ত্রাসী কার্যক্রমকে সহ্য করবে না।”

এ সময় রাষ্ট্রপতি হামিদ বলেন, বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম দমনে সরকার সবসময় কঠোর অবস্থানে থাকবে।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ‘আল্লাহু আকবর’বলে একদল অস্ত্রধারী গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালালে অবস্থানরত অজ্ঞাত সংখ্যক অতিথি সেখানে আটকা পড়েন।

১২ ঘণ্টা পর শনিবার সকালে কমান্ডো অভিযানের মধ্য দিয়ে সঙ্কটের রক্তাক্ত অবসান ঘটেছে।

একঘণ্টার অভিযান শেষে শ্রীলঙ্কার দুই নাগরিকসহ ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। অভিযানে ৬ অস্ত্রধারী নিহত এবং আরও একজনকে আটক করার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে রেস্তোরাঁর ভেতর থেকে ২০ জনের মৃতদেহ উদ্ধার করার কথা জানায় আইএসপিআর। এছাড়া প্রথম দফায় হামলা ঠেকাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা।

ভুটানের সরকার প্রধান শেরিং তোবগে তার দেশ সফরের জন্য আবদুল হামিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক বৃদ্ধি করতে তার সরকারের আগ্রহের কথা প্রকাশ করেন বলে জানান প্রেস সচিব।

জয়নাল আবেদীন বলেন, “সাক্ষাতের সময় ভুটানের প্রধানমন্ত্রী সরকার টু সরকার (জিটুজি) পর্যায়ে লাইমস্টোন বাংলাদেশে রপ্তানি করার বিষয়ে তার সরকারের আগ্রহের কথাও তুলে ধরেন।”

এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ ভুটান সফরকালে উষ্ণ আতিথেয়তার জন্য ভুটানের রাজ পরিবার, সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

তিনি এসময় বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে ভুটানের সাথে সুসম্পর্ক বজায় রাখছে এবং এটি দিন দিন সম্প্রসারিত হচ্ছে। বাংলাদেশকে প্রথম স্বিকৃতি দানকারী দেশ হিসেবে ভুটানের জন্য বাংলাদেশিদের হৃদয়ে ‘বিশেষ স্থান’ রয়েছে বলেও উল্লেখ করেন আবদুল হামিদ।

প্রেস সচিব বলেন, “রাষ্ট্রপতি দ্বি-পাক্ষিক বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে কানেক্টিভিটি জোরদার করার ওপর গুরুত্ব দেন। এ লক্ষ্যে সরকার ও বেসরকারি পর্যায়ে সার্বিক পদক্ষেপ নেওযার আহ্বান জানান।”

ভুটানের জলবিদ্যুৎ এর কথা উল্লেখ করে আবদুল হামিদ বলেন, বাংলাদেশে দেশটি ‘হাইড্রো পাওয়ার’ যথেষ্ট সুযোগ আছে। বিবিআইএন (বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল) ফ্রেমওয়ার্কের আওতায় এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে উভয় দেশকে একযোগে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি এসময় ভুটানের ‘দরজিলং হাইড্রো-ইলেট্রিক প্রজেক্ট (১১২৫ মো.ওয়াট)’ এর প্রশংসা করেন।

ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ভূটানের পররাষ্ট্র মন্ত্রী লিনওপো দামচো দরজি এসময় উপস্থিত ছিলেন।

নিম্নকক্ষের স্পিকার ও উচ্চ কক্ষের চেয়ারপার্সনের সাক্ষাৎ

পরে ভূটানের নিম্ন কক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার লিওনপো জিগমে জাংপো এবং উচ্চকক্ষ ন্যাশনাল কাউন্সিলের চেয়ারপার্সন সোনাম কিংগা হোটেলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

স্পিকার জিগমে জাংপো রাষ্ট্রপতিকে তার দেশ সফরের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার এই সফর দু’দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে ভূমিকা রাখবে।

স্পিকার এসময় গুলশানে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকারের কঠোর অবস্থানের প্রশংসা করেন।

ন্যাশনাল আসেম্বলির স্পিকার সাক্ষাতের সময় বাংলাদেশের রিজার্ভ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং সার্বিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি এসময় তার দেশের শিক্ষার্থীদের বাংলাদেশে অধ্যায়নে সহযোগিতার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রেসে সচিব জয়নাল আবেদীন জানান, জিগমে জাংপো সাক্ষাতের সময় বলেন পর্যটন খাতে সহযোগিতার মাধ্যমে দুই দেশই উপকৃত হতে পারে।

তিনি এসময় বাংলাদেশের সাবেক স্পিকার আবদুল হামিদকে ভুটানের পার্লামেন্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

রাষ্ট্রপতি হামিদ এ সময় ভুটান পার্লামেন্টের চলমান অধিবেশনে বিবিআইএন বিল পাসের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, এর ফলে আঞ্চলিক সহযোগিতা আরও সম্প্রসআরিত হবে এবং এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।

রাষ্ট্রপতি এসময় দু’দেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির জন্য দুই পার্লামেন্টের মধ্যে যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান।

পরে ন্যাশনাল কাউন্সিলের চেয়ারপার্সন সোনাম কিংগা সাক্ষাৎ করতে রাষ্ট্রপতি বলেন, ভূটান -বাংলাদেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে একই মনোভাব পোষণ করে একে অপরকে সহযোগিতা করে।

চেয়ারপার্সন বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে  দু’দেশেই একে অপরকে সহযোগিতা করে  তাকে।

আবদুল হামিদ এসময় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এবং কমননওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশেনের (সিপিএ) নির্বাচনে বাংলাদেশকে সহযোগিতার জন্য ভুটানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।