২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আট পৌরসভায় ভোট ৭ অগাস্ট

আগামী ৭ অগাস্ট আরও আট পৌরসভায় ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2016, 05:37 PM

Updated : 20 Aug 2022, 01:05 PM

চতুর্থ ধাপের এই পৌর ভোটে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১২ জুলাই পর্যন্ত। 

ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সহকারী সচিব রাজীব আহসান জানান, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, রংপুরের পীরগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, নড়াইলের লোহাগড়া, টাঙ্গাইলের ঘাটাইল, বগুড়ার সোনাতলা পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদের নির্বাচনের জন্য সোমবার এই তফসিল ঘোষণা করা হয়েছে।

সেই সঙ্গে পাবনার বেড়া পৌরসভার ভোটের জন্য হয়েছে পুনঃতফসিল।

সে অনুযায়ী- মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১২ জুলাই, ১৪ জুলাই বাছাই এবং ২২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় রাখা হয়েছে বলে রাজীব আহসান জানান।

এছাড়া মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদেও ৭ অগাস্ট ভোটের দিন ঠিক করা হয়েছে বলে জানান তিনি।

ইসি কর্মকর্তা রাজীব আহসান জানান, কিশোরগঞ্জের কুলিয়ার চর ও শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় মেয়রের শূন্য পদে উপ নির্বাচন হবে ৪ অগাস্ট।

এর আগে পৌর নির্বাচনের প্রথম পর্বে গত ৩০ ডিসেম্বর ২২৭টি পৌরসভায় ভোট হয়। তাতে আওয়ামী লীগ ১৭৭টি ও বিএনপি ২২টিতে মেয়র পদে জয় পায়।

এছাড়া জাতীয় পার্টির একজন এবং ২৬ জন স্বতন্ত্র প্রার্থী মেয়র হন। এই স্বতন্ত্রদের ১৮ জনই আবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।

দ্বিতীয় পর্বে গত ২১ মার্চ ভোটে ১০ পৌরসভার সবকটিতে জয় পান ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা।

তৃতীয় পর্বে ২৫ মে ৯ পৌরসভায় ভোট হয়। এর সাতটিতে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। অন্য যে দুজন মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তারাও আওয়ামী লীগেরই নেতা। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তারা।

তিন শতাধিক পৌরসভার মধ্যে মেয়াদোত্তীর্ণ হওয়া, সীমানা ও মামলা জটিলতায় কিছু পৌরসভার নির্বাচন আটকে রয়েছে। বাধা কেটে গেলে বাকি পৌরসভায় ‘যথাসময়ে’ ভোট হবে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।

পুরনো খবর:

৯ পৌরসভায় তাহেরসহ ৭ মেয়রই নৌকার