২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর কুতুবপুরের ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের নির্দেশ

ভোটে অনিয়মের পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাকে হুমকি দেওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনকে বরখাস্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2016, 01:49 PM

Updated : 20 Aug 2022, 01:04 PM

বরখাস্তের নির্দেশনা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানোর পাশাপাশি এবারের নির্বাচনে নৌকা প্রতীকের এই প্রার্থীর বিরুদ্ধে মামলা করতেও নির্দেশ দেওয়া হয়েছে জেলা নির্বাচন কার্যালয়কে।

ইউপি নির্বাচনের পঞ্চম ধাপে গত ২৮ মে কুতুবপুরে ভোটগ্রহণ হয়। বর্তমান চেয়ারম্যান কামাল এবার আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচনে অংশ নিয়ে ৭১৯ ভোট পেয়ে হারেন।

বিভিন্ন অনিয়মের কারণে কুতুবপুর ইউপিতে চারটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল।

বৃহস্পতিবার ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মিজানুর রহমান স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি পাঠিয়ে এই চেয়ারম্যানকে বরখাস্ত করতে বলেন।

এতে বলা হয়, “রিটার্নিং অফিসারকে হুমকি প্রদান ও তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ প্রার্থী কামাল হোসেনকে বরখাস্তের জন্য নির্দেশ দিয়েছে ইসি।”

মামলা করার জন্য বেগমগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনকে আলাদা চিঠি পাঠায় ইসি।

কুতুবপুর ইউপির ৯টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্র স্থগিত হলেও বাকি ৫টি কেন্দ্রে ২৩১৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ শহীদ উল্ল্যাহ পেয়েছেন ২২১০ ভোট। তৃতীয় অবস্থানে আছেন নৌকা প্রতীকের কামাল।