‘মুজাহিদের ছবি’ সম্বলিত লিফলেট, বই তারানাকে
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছবি সম্বলিত প্রচারপত্র বাসায় পাঠানো হয়েছে বলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন।
বুধবার সন্ধ্যায় একইসঙ্গে দুটি উগ্রপন্থি বইও তাকে পাঠানো হয় বলে জানিয়েছেন তিনি।
তারানা হালিম রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পার্সেল সার্ভিসের মাধ্যমে দুটি ছোট আকারের জিহাদি বই ও একটি লিফলেট পাঠানো হয় আমার বাসার ঠিকানায়।
“বাসার নিরাপত্তাকর্মীদের পার্সেল দেখে সন্দেহ হলে তারা সেটি খুলে আমাকে এ বিষয়ে জানায়।”
প্রচারপত্রের উপরে মুজাহিদের ছবি রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “সেখানে লেখা রয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার করা অন্যায় এবং এগুলো রাজনৈতিক হত্যাকাণ্ড।”
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যা এবং সাম্প্রদায়িক হত্যা-নির্যাতনের দায়ে গত বছর ২১ নভেম্বর মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মুক্তিযুদ্ধের সময় আল-বদর বাহিনীর নেতৃত্ব দেওয়া মুজাহিদ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ছিলেন।
মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে গত ২৯ ডিসেম্বর গুলশানে তার বাসা ঘেরাও কর্মসূচিতে ছিলেন তারানা হালিম।
‘জিহাদি’ বই ও প্রচারপত্র পাঠানোর বিষয়ে তারানা হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভয় দেখানো বা বিরক্ত করার জন্যই এ কাজ করা হতে পারে। এসব বিষয়ে ভয় পাই না।
“তবে তারা আমার বাসার ঠিকানা কীভাবে পেল তা চিন্তার বিষয়।”
বিষয়টি গুলশান থানায় জানানোর পর রাতেই পুলিশ এসে ওই বই ও প্রচারপত্র নিয়ে গেছে বলে জানান তিনি।
এর আগে গত পহেলা বৈশাখেও প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সাংস্কৃতিক অঙ্গণ থেকে রাজনীতিতে আসা তারানা হালিম। সে সময় নববর্ষের শুভেচ্ছা উপহার হিসেবে তাকে পাঠানো এক পার্সেলে র্যাপিং পেপারে মোড়ানো কাফনের কাপড়, আতর ও গোলাপজল ছিল।
গত বছর সেপ্টেম্বরে অনিবন্ধিত মোবাইল সিম বন্ধের প্রক্রিয়া নিয়ে টেলিফোনে হুমকি দেওয়া হয় তারানা হালিমকে।
