২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে ‘বিপুল পরিমাণ’ বৈদেশিক মুদ্রা উদ্ধার, আটক ২

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘বিপুল পরিমাণ’ বৈদেশিক মুদ্রা উদ্ধার করে মালয়েশিয়াগামী দুই ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2016, 12:53 AM

Updated : 20 Aug 2022, 01:04 PM

এরা হলেন- সমর উদ্দিন (৪১) ও মো. ইসমাইল (৩১)। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিমানবন্দর এপিবিএনের সহকারী কমিশনার তানজিলা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত ৯টার দিকে বিমানবন্দরের ৩ নম্বর বর্হিগমন গেইটের সামনে থেকে এপিবিএন সদস্যরা তাদের আটক করে।

তাদের কাছ থেকে উদ্ধার বৈদেশিক মুদ্রা বাংলাদেশি এক কোটি ৪০ লাখ টাকার সমপরিমাণ বলেও জানান তিনি।

তালজিলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমর ও ইসমাইল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে মালয়েশিয়া যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। ৩ নম্বর বর্হিগমন গেইটের সামনে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়।

“তাদের পরনে থাকা দুই জোড়া জুতা ও ট্রলি ব্যাগে থাকা চার জোড়া জুতার সোল থেকে সৌদি রিয়েল, আরব আমিরাতের দিরহাম, কাতারের রিয়েল ও মালয়েশিয়ার রিংগিত পাওয়া যায়।”

পরে এসব মুদ্রা জব্দ করে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।