সংস্কৃতি মন্ত্রণালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ ১৭টি দপ্তর ও সংস্থার মধ্যে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ স্বাক্ষর হয়েছে।
বুধবার সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ, দপ্তর ও সংস্থার প্রধানরা চুক্তিতে স্বাক্ষর করেন।
ইতোমধ্যে ২০১৬-১৭ অর্থবছরের জন্য প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে সংস্কৃতি সচিব ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ স্বাক্ষর করেন।
এর ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক এ মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোর সঙ্গে এ চুক্তিতে স্বাক্ষরিত হলো।
সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মশিউর রহমান ও মাহমুদা আখতার মীনার উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. আলতাফ হোসেন, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীশ কুমার সরকার, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ, গ্রন্থাগার ও আর্কাইভ অধিদপ্তরের পরিচালক ওদুদুল বারী চৌধুরী, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. আক্তারুজ্জামান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ বলেন, “বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর একটি তাৎপর্যময় ঘটনা। চুক্তিটি আমাদের স্বপ্নের একটি প্রকাশ।
“২০২১ সালের মধ্যে আমরা যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখছি, ২০৪১ সালের মধ্যে একটি আধুনিক ও উন্নত জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন দেখছি, সে স্বপ্ন পূরণের পথে এ চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতিগত কৌশল।”
মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা আনয়নে এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেন তিনি।
সংস্কৃতি সচিব বলেন, “কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও দক্ষতা বাড়াতেও এ চুক্তি সাহায্য করবে। মন্ত্রণালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য পরিপূর্ণভাবে অর্জিত হবে এবং প্রদেয় সেবার মান বৃদ্ধি পাবে।”
সরকারি কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা ও গতিশীলতা আনয়নের জন্য সরকার বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রবর্তন করেছে। ২০১৪-১৫ অর্থবছরে ৪৮টি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতি চালু হয়।
মন্ত্রণালয়/বিভাগের কার্যক্রম পদ্ধতি নির্ভর থেকে ফলাফল নির্ভর করা এ চুক্তির উদ্দেশ্য। প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি ও একই সঙ্গে সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করাও এ চুক্তির অন্যতম লক্ষ্য।
এ চুক্তির আওতায় একটি অর্থ বছরে মন্ত্রণালয়/বিভাগের মধ্যে কোন কোন কার্য সম্পাদন করা হবে, কিভাবে করা হবে- সূচকের ভিত্তিতে তার রূপরেখা নির্ধারণ করা হয়।
এর মাধ্যমে সরকারি দপ্তরের কার্যক্রম বস্তুনিষ্ঠ পরিবীক্ষণ ও মূল্যায়ন করা সম্ভব হবে, যা সরকারের রূপকল্প বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালন করবে।
