২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কারাভোগের পর বঙ্গবন্ধু কলেজের শিক্ষক বরখাস্ত

ফৌজদারী মামলায় কারাভোগের পর খুলনার এক সরকারি কলেজের প্রভাষককে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2016, 06:32 PM

Updated : 12 Apr 2022, 02:19 AM

তিনি হচ্ছেন খুলনার রূপসার সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রভাষক মোহাম্মদ এনামুল হক।

শিক্ষা মন্ত্রণালয় বুধবার তাকে বরখাস্ত করে আদেশ জারি করেছে।

এতে বলা হয়, ২০১৫ সালের ১৬ জুন বিশেষ ক্ষমতা আইনে এনামুলের বিরুদ্ধে দুটি মামলা হলে তিনি গ্রেপ্তার হন। তিনি গত বছরের ১৯ জুন থেকে ২৮ জুলাই এবং ২৭ নভেম্বর থেকে গত ২৪ জানুয়ারি দুই দফায় কারাভোগ করেন।

“এনামুলকে ফৌজদারী মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে- মর্মে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে। ফলে তাকে ভূতাপেক্ষভাবে চাকরি থেকে ২০১৫ সালের ১৭ জুন থেকে সাময়িক বরখাস্ত করা হল।”

বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা এনামুলের বিরুদ্ধে কে বা কারা এবং কোন অভিযোগে মামলা করেন- সে বিষয়ে আদেশে কিছু বলা হয়নি।

তবে দুটি মামলায় এনামুল হাই কোর্ট থেকে জামিন নিয়ে কাজে যোগ দিয়েছেন উল্লেখ করে আদেশে বলা হয়েছে, মামলা দুটি বিচারাধীন এবং বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা পাবেন।

গত বছর নাশকতার অভিযোগে ছাত্রশিবির কর্মীদের সঙ্গে গ্রেপ্তার করা হয় এনামুল হককে। মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্রও দেয় পুলিশ।