শিফট নিয়ে ক্ষুব্ধ ভিকারুননিসার শিক্ষার্থীদের বিক্ষোভ
দুই শিফট চালু করার প্রতিবাদে রাজধানীর বেইলি রোডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের একদল শিক্ষার্থী।
ঢাকার নামি এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ক্যাম্পাসের সামনে বুধবার দুপুর থেকে শিক্ষার্থীদের বিক্ষোভের পর বিকালে অধ্যক্ষ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস দিয়ে তাদের শান্ত করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, কোনো ধরনের ঘোষণা বা নোটিস না দিয়ে আকস্মিকভাবে দুই শিফট চালুর সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। এতে তাদের যাতায়াতে সমস্যার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে।
অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ বলছে, শ্রেণিকক্ষ সঙ্কটের কারণে বিদ্যালয় পরিচালনা পর্ষদ (গভর্নিং বডি) এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কলেজে বিজ্ঞান শাখার সেকশন রয়েছে ৯টি। এতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৮০০। এই শাখার কয়েকশ’ শিক্ষার্থীই সড়কে বিক্ষোভে নেমেছিল।
বুধবার কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ফলাফল প্রকাশ হয়। বেলা ১১টার দিকে ফল আনতে গিয়ে শিক্ষার্থীরা জানতে পারেন, আগামী ১০ জুলাই থেকে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দ্বিতীয় বর্ষের বিজ্ঞান শাখা এবং সকাল ৮টা থেকে ২টা পর্যন্ত প্রথম বর্ষের সব শাখা এবং দ্বিতীয় বর্ষের মানবিক ও বাণিজ্য শাখার ক্লাস চলবে।
এরপর দুপুর সাড়ে ১২টার দিকে দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের কয়েকশ ছাত্রী ক্যাম্পাসের ১ নম্বর ফটকের সামনে বেইলি রোডে অবস্থান নেয়।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, “এখানে আমরা যারা পড়াশোনা করছি, তারা ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসি। কেউ খিলক্ষেত, কেউ কুড়িল এমনকি উত্তরা থেকেও আসে অনেকে। এখন শিফট চেঞ্জ করা হলে বাসায় যাব কখন, পড়ব কখন?”
“আমাদের নিরাপত্তার বিষয়টি কে দেখবে,” প্রশ্ন করেন আরেক শিক্ষার্থী।
ঘটনাস্থলে উপস্থিত এক অভিভাবক বলেন, “আমরা প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু তাকে পাইনি। শিক্ষকরা বলেছেন, এটা গভর্নিং বডির সিদ্ধান্ত।
“কিন্তু অভিভাবক-শিক্ষার্থীর সঙ্গে কোনোরকম আলোচনা না করে তারা এরকম একটি সিদ্ধান্ত কী করে নিতে পারেন?”
কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক বদরুল আলম ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১৫ সালে গভর্নিং বডি সিদ্ধান্ত নিয়েছিল দুই শিফট চালু করার। স্টুডেন্টদের রুমের সঙ্কটের কারণেই দুই শিফট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
কিন্তু গতবছর এই শিক্ষার্থীরা যখন ভর্তি হয়েছিল, তখন এই সম্পর্কে তাদের কিছু বলা হয়নি।
তবে বিক্ষোভে অধিকাংশ শিক্ষার্থী ছিলেন না বলে দাবি করেন অধ্যক্ষ সুফিয়া খাতুন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই প্রতিষ্ঠানের ৬৩ বছরের ইতিহাসে এমন নজির নেই যে শিক্ষার্থীরা বাইরে এসে বিক্ষোভ করবে। এখানে বিজ্ঞান বিভাগে প্রায় ১৮০০ শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে রাস্তা অবরোধ করেছে মাত্র ২০ থেকে ২৫ ভাগ।”
শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে কি না- জানতে চাইলে অধ্যক্ষ বলেন, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা করে আগামী ১০ জুলাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
“এটা আমি একা পরিবর্তন করতে পারি না। আগামী ১০ জুলাইর আগেই আমরা অভিভাবক, শিক্ষার্থী ও গভর্নিং বডির সঙ্গে বসব, আলোচনা করব। তারপর যে সিদ্ধান্ত হবে তা ১০ তারিখ সকাল ১১টার মধ্যে সবাইকে জানিয়ে দেওয়া হবে।”
বিকাল সাড়ে ৩টার দিকে অধ্যক্ষের আশ্বাস শোনার পর বিক্ষোভরত শিক্ষার্থীরা সড়ক ছেড়ে উঠে যায়।
শিক্ষার্থীরা চলে যাওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রমনা থানার ওসি মশিউর রহমান।
