‘বিদেশ যাও, তবে ফিরে আসার জন্য’
জ্ঞান অর্জনের জন্য দেশ ছেড়ে গেলেও মাটি ও মানুষের ঋণ শোধের জন্য ফিরে আসতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে।
ঢাকার নামি স্কুল স্কলাসটিকার একটি ব্যাচের সমাপনী অনুষ্ঠানে স্বপ্নবান কিশোর-কিশোরীদের নিজেদের দায়িত্বশীলতার কথা মনে করিয়ে দিয়ে এই আহ্বান রাখেন সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী।
মঙ্গলবারের এই আয়োজনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক সম্পাদক ছিলেন প্রধান অতিথি, যে অনুষ্ঠানে ‘ও লেভেল’ শেষ করতে যাওয়া ১২৮ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।
সামাজিক অবস্থানের দিক থেকে সুবিধাভোগী শ্রেণি থেকে আসা এই শিক্ষার্থীদের সামনে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির পাঠ তুলে ধরে তাদের মন ও মননে বাংলাদেশ যেন প্রোথিত থাকে, সেই প্রত্যাশা প্রকাশ করেন তৌফিক খালিদী।
শিক্ষাজীবনের এক ধাপ পেরিয়ে নতুন স্বপ্নে বিভোর কিশোর-কিশোরীরা
তিনি বলেন, “আমার মনে হচ্ছে, তোমাদের অধিকাংশই এ লেভেলের পর অন্য দেশে যাওয়ার স্বপ্ন দেখছ, তা উচিৎও। যদি সুযোগ থাকে তাহলে কেন যাবে না?
“বিদেশে যাওয়া এবং নিজের মতো করে চলার মতো যথেষ্ট পরিণত এখন তোমরা।”
দীর্ঘদিন যুক্তরাজ্যে বিবিসিতে সাংবাদিক হিসেবে কাজ করে করে আসা তৌফিক খালিদী ভিনদেশে গিয়ে সফল হতে বাংলাদেশি এই শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হওয়ার প্রণোদনা জোগান।
“আমি জানি, তোমাদের অনেকে যে কোনো দেশের সেরা ও বুদ্ধিদীপ্তদের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম। অনেক দেশের সেরাদের পেছনে ফেলার মতো স্মার্ট। তোমরা এই দেশের সর্বোচ্চ সুবিধা পাওয়া খুব কম সংখ্যকদের অংশ। তোমরা স্কলাসটিকার মতো স্কুলে পড়ার সুযোগ পেয়েছ।”
তখনই দায়িত্বশীলতার বিষয়টি মনে করিয়ে দেন তিনি।
“সুবিধা পাওয়াদের কিছু দায়িত্বও থাকে। ভাগ্যবানদের সাহসী হওয়ার দায় রয়েছে। প্রয়োজন হলে সেবা করা বা ত্যাগ স্বীকার করার মতো অপেক্ষাকৃত ভালো অবস্থায় তোমরা থাকবে বলে আমার বিশ্বাস।”
সুবিধাবানদের দায়িত্বও বেশি, মনে করিয়ে দিলেন তৌফিক খালিদী
এক সময় আজকের কিশোর-কিশোরীদের তিন দশক আগের নিজের শিক্ষা জীবনে নিয়ে যান তৌফিক খালিদী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আট টাকা বেতন দিয়ে পড়ার এবং বর্তমানেও সেই চিত্রে তেমন পরিবর্তন না আসার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “তাহলে আমার পড়ার টাকাটা কে দিত?”
“বাংলাদেশের পরিশ্রমি কৃষকরা,” নিজেই উত্তর দেন এই সাংবাদিক।
তিন দশক আগে কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণ থাকলেও এখন উৎপাদন, সেবা খাতের বিকাশেও পরিশ্রমীদের চিত্র যে বদলায়নি, তা তুলে ধরেন তিনি।
“অনেক মানুষ বিদেশে গেছে। তারা দেশে টাকা পাঠায়। আবার সেই পরিশ্রমী মানুষই অবদান রাখছে। এইসব অবকাঠামো, সুন্দর সুন্দর রাস্তা, যা কিছুই আমাদের রয়েছে, তাদের টাকায়ই হয়েছে।”
“সুতরাং একটা সময় আসা উচিৎ যখন তোমরা ঋণ পরিশোধ করবে। তোমরা যখন ফিরে আসবে, তখনই তোমরা ভালোভাবে ঋণ পরিশোধ করতে পারবে,” ফেরার আহ্বান শিক্ষার্থীদের জানান তিনি।
“এটা শুধু মেধা পাচারের বিষয় নয়, তোমাদের ঋণ পরিশোধের দায়ও রয়েছে ... আমাকে অবশ্যই স্মরণ করতে হবে, এখন আমাদের যা কিছুই রয়েছে, তার সব কিছু এই দেশই আমাদেরকে দিয়েছে।”
এই সনদ কৃতিত্বের
দেশের প্রতি দায়িত্ববোধের সঙ্গে মমত্ববোধের কথাটিও নবীন শিক্ষার্থীদের মনে করিয়ে দেন তৌফিক খালিদী।
“আমাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ রয়েছে। আমাদের সভ্যতা হাজার বছর আগের। পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়টির অবস্থান আমাদের কাছেই। আমরা যে সম্পদশালী ছিলাম, সেটাও খুব বেশি দিন আগের কথা নয়। বিশ্বের সেরা কাপড়টি আমরাই বুনতাম।”
বর্তমান বাংলাদেশে নিয়ে হতাশ হওয়ার কিছু নেই বলেও শিক্ষার্থীদের সচেতন করতে ইতিহাসকে আশ্রয় করেন এই সাংবাদিক।
“অনেক সময় আমাদের নেতৃত্বের মান ও দুর্নীতি নিয়ে অনুযোগ করি। পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের নেতৃত্ব নিয়েও বিশ্বজুড়ে উপহাস হয়।”
“আমাদের যা আছে, সেটা নিয়ে আমি সন্তুষ্ট, অন্তত এই মুহুর্তের জন্য,” বলে অনেক ত্যাগের বিনিময়ে একাত্তরে গৌরবোজ্জ্বল স্বাধীনতা সংগ্রামের কথা তুলে ধরেন তিনি।
“অনেক মানুষ প্রাণ হারিয়েছে, নারী-শিশুরা দুর্ভোগে পড়েছে। সুতরাং আমাদের ইতিহাসকে জানা এবং যথাযথ চেতনায় জাতিকে প্রতিনিধিত্ব করা গুরুত্বপূর্ণ। ভোলা যাবে না কম ভাগ্যবান মানুষদের, দেশ গড়ায় যাদের অবদান সবচেয়ে বেশি।”
এই সাংস্কৃতিক পরিবেশনার সঙ্গে সঙ্গে চলে সনদ বিতরণ
ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে তৌফিক খালিদীসহ অতিথিদের বক্তব্যের পর চার পর্বে সনদ ও লিডারশিপ পুরস্কার বিতরণ চলে সাংস্কৃতিক পরিবেশনার ফাঁকে ফাঁকে।
এই পর্বের শুরুতে স্কলাসটিকার শিক্ষার্থীদের একটি দল সম্মিলিত কণ্ঠে গেয়ে উঠে ‘ধন ধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা/তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা’
এরপর জর্জ মরিয়ার্টির ‘দ্য রোড এহেড অর দ্য রোড বিহাইন্ড’ আবৃত্তি করেন রাহিমিন আজিজা। গায়কী গলায় একক ও যৌথ কণ্ঠে বাংলা ও ইংরেজি গান ও আবৃত্তি পরিবেশন করে প্রতিষ্ঠানটির একদল শিক্ষার্থী।
সাফকাত ওয়াহিদ প্রীতম এবং সিতুন মাহিয়ানের যৌথ সঞ্চালয়নায় অনুষ্ঠানে সনদ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে উমরান মোস্তফা ও ইমান সাদিয়া সেরাফাইন রহিম বক্তব্য দেন।
উমরান মোস্তফা
ইমান সাদিয়া সেরাফাইন
১২৮জন শিক্ষার্থীর মধ্যে ছয় বিষয়ে সর্বোচ্চ নম্বর পান ওয়াহিদা আহমেদ এবং পাঁচ বিষয়ে সর্বোচ্চ নম্বর পান ইমাম সেরফিন ইসলাম রহিম।
মিরপুর ক্যাম্পাসে স্কলাসটিকার সিনিয়র ভাইস প্রিন্সিপাল ফারাহ সোফিয়া আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কলাসটিকা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা মাদিহা মুরশেদ, পরিচালক ও চিফ অপারেটিং অফিসার ওয়াসিমা পারভীন, পরিকল্পনা ও প্রশাসন প্রধান নুরজাহান বেগম, উত্তরা সিনিয়র ক্যাম্পাসের অধ্যক্ষ কায়সার আহমেদ, ধানমণ্ডি জুনিয়র ক্যাম্পাসের জ্যেষ্ঠ উপাধ্যক্ষ সৈয়দা ফারদাহ ফারহানা আলম প্রমুখ।
মিতা কাদের
সৈয়দা মাদিহা মুরশেদ
সমাপনী বক্তব্যে বিদ্যালয়ের উপাধ্যক্ষ (অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স) মিতা কাদের বলেন, “আমরা বুঝতে পারছি, আমাদের সকলের প্রতিভা পেশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না। আমাদের অনেক আগ্রহ এবং প্রতিভা রয়েছে যেখানে পৌঁছাতে পেশাকে অতিক্রম করতে হবে।
“আমাদের স্বপ্ন বাস্তবায়ন কঠিন, তবে অসম্ভব নয়। তোমরা যদি সংগ্রাম করে থাক, চারদিকে একবার চোখ বুলিয়ে নাও, তাহলে দেখবে এই হলভরতি প্রতিভাধর মানুষ তোমাদের সহযোগিতা করতে ভালবাসবে।”
ফারাহ্ সোফিয়া আহমেদ বলেন, স্বপ্ন দেখা সহজ, স্বপ্নানুসারে কাজ করা কঠিন। এর জন্য অঙ্গীকার, সময়, আকাঙ্ক্ষা এবং সাহস দরকার।
“তোমাদের স্বপ্ন এবং এটা সম্পূর্ণ করতে নিজেদের সামর্থ্যের উপর তোমাদের বিশ্বাস রাখতে হবে। প্যাশন অনুসারে চলো, এটাই তোমাদেরকে স্বপ্নপূরণের দিকে নিয়ে যাবে।”
