চিকিৎসকদের ফৌজদারি অপরাধ দেখভালে আসবে বিএমএ: মন্ত্রী
চিকিৎসকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার ক্ষেত্রে কড়াকড়ি এনে এ ধরনের অপরাধ দেখার দায়িত্ব বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনকে (বিএমএ) দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ম্যারিয়ট কনভেনশন সেন্টারে এক ইফতারে অংশ নিয়ে তিনি বলেন, “অনেক সময় যখন-তখন চিকিৎসকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দেওয়া হয়; এটা বন্ধ করা হবে।
“ফৌজদারি অপরাধের বিষয়টি সামনে দেখভাল করবে বাংলাদেশ মেডিকেল অ্যাসেসিয়েশন (বিএমএ)।”
খুব শিগগিরই খসড়া আইন পর্যালোচনা করে বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকদের জন্য আইন প্রণীত বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
“তবে এই আইনে এমন কিছু থাকবে না, যা চিকিৎসকদের স্বার্থবিরোধী। রোগী, চিকিৎসক ও হাসপাতাল মালিক সবারই যাতে স্বার্থ সংরক্ষিত হয়- এমন একটি আইন করতে চায় সরকার।”
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা এ ইফতারের আয়োজন করে।
এতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিণ্ডলীর সদস্য নাসিম বলেন, “তার (খালেদা জিয়া) লজ্জা থাকা উচিত। প্রতিদিন ইফতারি মুখে নিয়ে সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জঘন্য মিথ্যাচার করছেন।
“অচিরেই তার এই মিথ্যাচার এবং দেশবিরোধী চক্রান্ত জনগণের সামনে উম্মোচিত হবে।”
বিএমএ প্রতিষ্ঠাতা মহাসচিব ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডা. মোস্তফা মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জমান ভুঁইয়া ডাবলু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইকবাল আর্সলান, সহ সভাপতি কনক কান্তি বড়ুয়া, মহাসিচব ডা. এম এ আজিজ, যুগ্ম মহাসচিব ডা. জুলফিকার লেনিন বক্তব্য রাখেন।
