ফিটনেসবিহীন বাস লঞ্চ বন্ধের দাবি
এবারের ঈদযাত্রায় ফিটনেসবিহীন বাস ও লঞ্চ চলাচল বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “ঈদযাত্রার বাড়তি চাপের সুযোগে লক্কড়-ঝক্কড় ফিটনেসবিহীন বাস ও লঞ্চ চালানো হয়। এসব যানবাহন যেন দূরপাল্লার যাত্রী বহন করতে না পারে তার যথাযথ ব্যবস্থা নিতে হবে।”
সারা দেশে প্রায় ৪ লক্ষাধিক নিবন্ধিত ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ যানবাহন রয়েছে জানিয়ে তিনি বলেন, দেশে গণপরিবহন সংকটের সুযোগ কাজে লাগিয়ে ঈদযাত্রায় চলাচলকারী নিবন্ধিত যানবাহনের মধ্যে আন্তঃজেলা ও দূরপাল্লার ক্ষেত্রে ২৯ শতাংশ, সিটি সার্ভিসে ৪৭ শতাংশই ফিটনেসবিহীন।
“নৌপথেও ১৭ শতাংশ ফিটনেসবিহীন লঞ্চ ঝুঁকিপূর্ণভাবে চলাচল করে। এতে প্রতিবছর ঈদে সড়ক ও নৌপথে শত শত যাত্রীকে প্রাণ দিতে হয়।”
নসিমন-করিমন যেন দূরপাল্লার যাত্রী নিয়ে মহাসড়কে উঠতে না পারে সে ব্যপারেও কঠোর হতে সরকারকে আহ্বান জানান তিনি।
বিআরটিএ ও বিআইডব্লিওটিএ নামমাত্র ভিজিলেন্স টিম গঠন করলেও যাত্রীরা দুর্ভোগে পড়লে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়না অভিযোগ করেন মোজাম্মেল।
“মালিক শ্রমিকদের নিয়ে গঠিত ভিজিলেন্স টিম বরাবরই মালিকদের স্বার্থ রক্ষা করে থাকে,” বলেন তিনি।
জনস্বার্থে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে এসব ভিজিলেন্স টিমকে প্রতিদিন টিকেট কাউন্টারের কার্যক্রম মনিটর এবং যাত্রীদের দুর্ভোগ দূর করতে কাজে লাগানোর তাগিদ দেন তিনি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আবু সাঈদ খান, পরিবেশ বাঁচাও আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন।
