২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা এক পক্ষের

গুলিস্তানের একটি কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে বিবাদে বাস ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 03:00 PM

Updated : 11 Oct 2022, 08:24 PM

পুরনো খবর:

সায়েদাবাদ থেকে বন্ধ দূরপাল্লার বাস

এই সংগঠনটির সভাপতি আবদুল ওদুদ নয়ন বলেছেন, ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নামে আরেকটি সংগঠনের হাত থেকে ওই কার্যালয় ফিরে না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

তাদের এই ধর্মঘটের কারণে ঢাকার সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ও সিলেটগামী যাত্রীরা।

তবে মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে এই কর্মসূচির কোনো প্রভাব দেখা যায়নি। ওই টার্মিনাল দুটি থেকে বিভিন্ন জেলার বাসগুলো যথারীতি চলছে।

মহাখালী টার্মিনালের নিয়ন্ত্রণকারী হিসেবে পরিচিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী গুলিস্তানের ওই কার্যালয়ের বিষয়ে ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষে।  

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ঢাকা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন দুটোই বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সংগঠন, যার সভাপতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

পুরনো সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি-৪৯৪) নিয়ন্ত্রণে ছিল গুলিস্তানে বঙ্গভবনের পূর্ব পাশের ইউনিয়ন কার্যালয়টি। রোববার সফর আলী নেতৃত্বাধীন ঢাকার ইউনিয়ন ওই কার্যালয়টি দখলে নেয়।

এ নিয়ে সোমবার দুই শ্রমিক সংগঠনের নেতারা সংঘর্ষে জড়ালে মেয়র হানিফ ফ্লাইওভারে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। তখন পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং ওই কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। 

এরপর রাতে দুই দফা বৈঠক হলেও কোনো সমঝোতা না হওয়ায় রাতে সায়েদাবাদ থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

চট্টগ্রামের ইউনিক পরিবহনের মহাব্যবস্থাপক আব্দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টার্মিনাল কিংবা কাউন্টার, কোনো স্থান থেকেই দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না।”  

ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০০৬ সালের শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের জাতীয়ভিত্তিক কোনো ইউনিয়ন থাকতে পারবে না। এর ফলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকারিতা ওখানেই শেষ হয়ে গেছে।

“যে অফিসটি নিয়ে বিরোধ, সেটি ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের। আদালতের মাধ্যমেই এটি মীমাংসিত।”

তবে আব্দুল ওদুদ নয়ন বলেন, ১৯৯২ সাল থেকে ওই কার্যালয়টি তারা ব্যবহার করে আসছেন। এখন হুট করে নতুন গজিয়ে ওঠা একটি সংগঠন তার দখল নিয়েছে।

“ফেডারেশন থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি, কোনো রকম নির্দেশনাও আসেনি। হঠাৎ করে একটি সংগঠনের নামধারী সন্ত্রাসীরা আমাদের অফিস দখল করল, ভাংচুর ও লুটপাট করল।”

মঙ্গলবার দুপুরে ডিএমপির ওয়ারী বিভাগের কার্যালয়ে সায়েদাবাদ বাস মালিক সমিতি ও প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, “আমাদের অফিস আমাদের বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ তা না হচ্ছে, আমাদের ধর্মঘট চলবে।”

ঈদের আগে এই সময়ে যাত্রীদের সমস্যার বিষয়ে এই শ্রমিক নেতা বলেন, “যাত্রীদের দুর্ভোগের বিষয়টা আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা একেবারেই নিরুপায়। আমরা শুধু আমাদের অফিস ফেরত চাচ্ছি।”

ঢাকা শ্রমিক ইউনিয়নের দাবির আইনি ভিত্তির বিষয়ে ওদুদ নয়ন বলেন, “আদালত থেকে আমাদের কাছে কোনো রকম নির্দেশনা আসেনি। যারা দখল করেছে, তারাও কোনো কাগজপত্র দেখায়নি।”