অনিবন্ধিত রোহিঙ্গা: বাদ পড়াদের সুযোগ জুলাই পর্যন্ত
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিবন্ধনের জন্য শুমারি শেষ হলেও বাদ পড়া অনিবন্ধিতদের জুলাই পর্যন্ত তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
এক্ষেত্রে পরিসংখ্যার ব্যুরোর উপজেলা পর্যায়ের কার্যালয় থেকে ‘প্রমাণ সাপেক্ষে’ অনিবন্ধিতদের শুমারিতে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন ‘বাংলাদেশে অবস্থানরত অনিবন্ধিত মিয়ানমার নাগরিক শুমারি’র প্রকল্প পরিচালক আলমগীর হোসেন।
সোমবার পরিসংখ্যান ব্যুরোর এ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৪ জুন শুমারি শেষের এক সপ্তাহের মাথায় সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনীতিকদের এক অনুষ্ঠানে শুমারি সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।
পটুয়াখালী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার প্রায় ৫০ হাজার খানাভিত্তিক অনিবন্ধিত রোহিঙ্গাদের শুমারি চলে ২ জুন থেকে ১৪ জুন পর্যন্ত।
এই ছয় জেলায় চূড়ান্ত শুমারি শেষে বর্তমানে যাচাই-বাছাই চলছে জানিয়ে মিয়ানমার নাগরিক শুমারি’র পরিচালক আলমগীর বলেন, “ডিসেম্বরের প্রথমার্ধে শুমারি প্রতিবেদন প্রকাশ করা হবে।”
তিনি আরও বলেন, “শুমারি শেষ হলেও জুলাই পর্যন্ত একটা সুযোগ রয়েছে অনিবন্ধিতদের তালিকাভুক্ত হওয়ার। তবে তাতে ১৪ জুনের পরে আগতদের কোনোভাবে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই।
“১৪ জুনের আগে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে এবং নির্ধারিত খানায় অবস্থান করেছে-এটা প্রমাণ করতে পারলে সংশ্লিষ্টকে শুমারিতে অন্তর্ভুক্ত করা যাবে। এক্ষেত্রে উপজেলা পর্যায়ের পরিসংখ্যার ব্যুরোর কার্যালয়ে গিয়ে অনিবন্ধিতরা শুমারির ফরম পূরণ করে আসতে পারবে।”
সরকারের পক্ষ থেকে অনিবন্ধিতদের পরিচিতি কার্ড দেওয়া হবে বলে জানান আলমগীর হোসেন।
“এ কার্ডের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত তিনটি সুবিধা পাবেন তারা। এ শুমারি তাদের জোর করে ফেরত পাঠানোর জন্য নয়। বরং সঠিক সংখ্যা জেনে মানবিক বিষয়গুলো নিশ্চিত করার জন্যে তাদের শুমারির আওতায় আনা হচ্ছে।”
অনিবন্ধিত মিয়ানমার নাগরিকদের সমস্যা সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে কৌশলপত্র ২০১৩ মন্ত্রিসভায় অনুমোদিত হয়।
কৌশলপত্র বাস্তবায়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটি শুমারি পরিচালনার জন্য বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে। অনিবন্ধিত নাগরিকদের তথ্যভাণ্ডার প্রণয়নের দায়িত্বও পায় পরিসংখ্যান ব্যুরো।
