বিনা শুল্কে পণ্য এনে বিক্রি করে মামলার আসামি
বন্ড সুবিধায় বিনা শুল্কে আমদানি করা কাঁচামাল উৎপাদনে ব্যবহার না করে বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
মেসার্স ফিউচার এক্সেসরিজ ইন্ডান্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে মামলাটি হয়েছে বলে শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক জোবায়দা খানম রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
জয়েন্ট স্টক কোম্পানিতে সরবরাহ করা দলিলপত্র অনুযায়ী, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আরমান উদ্দিন এবং চেয়ারম্যান ফারজানা আক্তার।
নারায়ণগঞ্জের ফতুল্লার এই প্রতিষ্ঠানটি বন্ড লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠান। ফলে বন্ড সুবিধার আওতায় বিনা শুল্কে কাঁচামাল আমদানি করতে পারে তারা।
কিন্তু তারা আমদানি করা কাঁচামাল উৎপাদনে ব্যবহার না করে তা খোলা বাজারে বিক্রির মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি করছিল বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা খবর পান।
অভিযোগ পেয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল এ বছরের এপ্রিলে এই কারখানা ও ওয়্যারহাউস পরিদর্শন করে।
তখন প্রতিষ্ঠানের যন্ত্রপাতির সংখ্যা ও উৎপাদনে গরমিল পাওয়া যায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
“কাগজপত্র পরীক্ষা করে দেখা যায়, প্রতিষ্ঠানটি এ বছরের ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ০৮ টি বি/ই’র মাধ্যমে আমদানি করা ৪২৬.৬৪৯ মেট্রিক টন আর্টকার্ড ও ডুপ্লেক্সবোর্ড বন্ড রেজিস্ট্রারে এন্ট্রি না করে খোলা বাজারে বিক্রি করেছে।”
অন্যদিকে প্রতিষ্ঠানটি দুটি বন্ড লাইসেন্স নেওয়ার সময় একটিতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোস্তাক আহম্মেদ নাম দেখায়, যা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দারা মনে করছেন।
