কৃষক যেন উৎসাহ না হারায়: রাষ্ট্রপতি
কৃষক যাতে উৎসাহ না হারায় সে লক্ষ্যে ফসলের ন্যায্য দাম নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
তিনি বলেছেন, “মনে রাখতে হবে, কৃষকের মঙ্গলের জন্য ফসল যেমন দরকার, তেমনি ভালো দামও একান্ত প্রয়োজন। চাউলের দাম কম থাকলে আমরা সবাই খুশি থাকি।
“কিন্তু যারা মাথার ঘাম পায়ে ফেলে চাউল উৎপাদন করে আমরা কী কখনও তাদের কথা ভেবে দেখি। অনেক সময় ধান চাষ করে কৃষক উৎপাদন খরচ উঠাতে পারছে না।”
কৃষিবিদ দিবস উপলক্ষে সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে ‘সোনার বাংলা’ গড়তে কৃষকদের ভূমিকার প্রসঙ্গ তুলে আবদুল হামিদ বলেন, “অনেক সময় কৃষি শ্রমিকের অভাবে জমির ফসল উঠানো সম্ভব হচ্ছে না। তাই কৃষকরা যাতে উৎসাহ না হারায় সে ব্যাপারে সকলকে বিশেষভাবে নজর দিতে হবে।
রাষ্ট্রপতি এসময় তার লিখিত বক্তব্যের বাইরে অনুষ্ঠানে উপস্থিত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর উদ্দেশে বলেন, “আমি হাওরের মানুষ। কৃষকের সন্তান। হাওরে এক ফসল হয়। এবার বহু জমি পতিত রয়ে গেছে। সামনের বছর পতিত জমি বেড়ে যাবে। হাওরের কৃষকদের প্রতি বিশেষ নজর দিতে হবে।”
অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলার চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে দিয়ে আবদুল হামিদ বলেন, “আপনারা জানেন, কৃষির সামনে বড় চ্যালেঞ্জ হল বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনে সৃষ্ট পরিস্থিতি দক্ষতার সাথে মোকাবিলা করা।
“জলবায়ু পরিবর্তনজনিত কারণে প্রতিকূল জলবায়ু সহনশীল শস্যের বিভিন্ন জাত উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে। এর পাশাপাশি কৃষি সহায়ক শিল্প প্রতিষ্ঠাসহ কৃষির বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।”
এসময় কৃষকদের তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচিত করিয়ে দিতেও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
“বৈজ্ঞানিকগণ যে কোনো উন্নত জাতের ফসল বা পদ্ধতি আবিষ্কার করুক না, যে পর্যন্ত কৃষকরা এসব গ্রহণ করে বাস্তবায়িত না করবে, সে পর্যন্ত এ সবের তেমন কোনো মূল্য নেই।”
কৃষি ব্যবস্থা ক্রমান্বয়ে ‘বাণিজ্যিকীকরণের’ দিকে এগিয়ে যাচ্ছে- উল্লেখ করে তিনি বলেন, “বিশ্বায়ন প্রক্রিয়া এ রূপান্তরকে অনিবার্য ও বেগবান করছে। তথ্যপ্রযুক্তির ব্যাপক প্রসার কৃষি খাতের উন্নয়নকে প্রভাবিত করছে। তাই কৃষির সাথে সংশ্লিষ্ট সকলকে তথ্যপ্রযুক্তির ফলে উদ্ভাবিত সুবিধাকে কাজে লাগাতে সক্ষমতা অর্জন করতে হবে।”
অনুষ্ঠানে কৃষির উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে এর অগ্রগতি অব্যাহত রাখতে নিরন্তর প্রয়াস চালানোর কথাও বলেন রাষ্ট্রপতি।
কৃষি শুধু বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি নয়, নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যের শেকড়ও বটে মন্তব্য করে আবদুল হামিদ বলেন, “এ প্রসঙ্গে আমি একটি চীনা প্রবাদ উল্লেখ করছি, ‘জাতীয় উন্নতি ও সম্পদ একটি গাছের ন্যায়। কৃষি তার মূল, শিল্প তার শাখা এবং বাণিজ্য তার পাতা।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে (কেআইবি) ওই অনুষ্ঠানে কৃষিতে অবদান রাখার জন্য পাঁচজন ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হাতে পদক তুলে দেন রাষ্ট্রপতি।
পদক পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ ও ইনফোটেইনমেন্ট।
ব্যক্তিরা হলেন- নাটোরের কৃষক সেলিম রেজা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক এম মোফাজ্জল হোসেন, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হারুরুন রশীদ, সিলেটের কৃষি উদ্যেক্তা আলীমুল এহছান চৌধুরী ও ফরিদুপরের নারী কৃষক আলেয়া বেগম।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. ছায়েদুল হক, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কৃষিবিদ আব্দুর রাজ্জাক, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান ও কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব কৃষিবিদ মোহাম্মদ মোবারক আলী।
