জন্মবার্ষিকীতে নানা আয়োজনে কবি সুফিয়া কামালকে স্মরণ
নারী জাগরণের অগ্রদূত কবি সুফিয়া কামালের ১০৫তম জন্মবার্ষিকীতে তাকে স্মরণ করেছে তারই হাতেগড়া সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদ ও ছায়ানট।
সোমবার সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ‘বেগম সুফিয়া কামাল সম্মাননা ও স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ।
এই আয়্জেনে আয়োজক সংগঠনের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে ‘বেগম সুফিয়া কামাল ও একবিংশ শতাব্দীর নারী আন্দোলন’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হুসাইন।
স্বাগত বক্তব্য দেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। এছাড়া দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।
এবছর ‘বেগম সুফিয়া কামাল সম্মাননা’ পেয়েছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তার হাতে সম্মাননা তুলে দেন আয়শা খানম।
অনুভূতি প্রকাশে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, “প্রথমে নারী-পুরুষকে মানুষ হিসেবে ভাবতে হবে, তারপর অন্যসব বিবেচনা। আমাদের দেশে নারী পুরুষের মধ্যে অসমতা, যার পরিণতি শুভকর নয়। তাই বলব, নারীকে সমাজ তথা দেশের অর্ধাংশ হিসেবে বিবেচনা করতে হবে; এরচেয়ে কিঞ্চিৎ পরিমাণ কম নয়।”
বেগম সুফিয়া কামাল ও একবিংশ শতাব্দীর নারী আন্দোলন’ শীর্ষক দীর্ঘ বক্তৃতায় নাসিমা আখতার হুসাইন বলেন, “বিংশ শতাব্দীর অধিকাংশ সময় জুড়ে বেগম সুফিয়া কামাল ছিলেন বুদ্ধিদীপ্ত জ্বলজ্বলে ভাবমূর্তিতে সমাসীন। ইতোমধ্যে রাষ্ট্র বদল হয়েছে, কিন্তু তার যাত্রা থামেনি। সমাজ বদলের লক্ষ্যে তিনি ছিলেন অবিচল। কঠোর সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন। তথাপিও স্নিগ্ধ, কোমল, প্রশান্ত ছিল তার উপস্থিতি।”
অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত পরিবেশন করেন সঞ্জয় রায় ও ইফফাত আরা দেওয়ান।
ছায়ানটের আয়োজনটি শুরু হয় সকাল ১১টায়। রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে সুফিয়া কামালের জন্মবার্ষিকীর আয়োজনটি শুরু হয় সম্মেলক গান ‘ভুবন জোড়া আসনখানি’ এর মাধ্যমে।
তবে গত বছরের মতো এবার আর স্মৃতিচারণ পর্ব ছিল না আয়োজনে।
আ ফ ম সাঈফুদ্দৌলা, আব্দুস সবুর খান চৌধুরী, সুমন মজুমদার, নাইমা ইসলাম নাজ, মাহমুদা আখতার, ইলোরা আহমেদ শুক্লা প্রমুখ গানে, কবিতায় শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন ছায়ানট প্রতিষ্ঠাতার প্রতি।
