শ্রমিকদের দ্বন্দ্বে ৩ ঘণ্টা বন্ধ হানিফ ফ্লাইওভার
ঢাকার গুলিস্তানে পরিবহন শ্রমিকদের একটি কার্যালয় দখল নিয়ে বিরোধের জের ধরে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর খুলেছে মেয়র হানিফ ফ্লাইওভার।
সোমবার দুপুরে সংঘর্ষের পর পরিবহন শ্রমিকরা ওই ফ্লাইওভারে বাস আড়াআড়ি রেখে দিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রোজায় প্রচণ্ড গরমের মধ্যে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।
বেলা ৩টার দিকে গাড়ি চলাচল পুনরায় শুরু হয় জানিয়ে ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক- সাউথ) মফিজউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত অপারেটর ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলাচল শুরু হলেও গাড়ির চাপ অস্বাভাবিক। খুবই ধীরে চলছে গাড়ি।”
বঙ্গভবনের পূর্ব দিকে শ্রমিক ইউনিয়নের একটি কার্যালয়ের দখল নিয়ে শ্রমিকদের দুপক্ষের মধ্যে দুপুর ১২টার দিকে সংঘর্ষ বাঁধে বলে জানান যাত্রাবাড়ী থানার ওসি মো. আনিসুর রহমান।
এরপর শ্রমিকরা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের উপরে আড়াআড়ি করে বাস রেখে পথ আটকে দেয়। ফলে গুলিস্তান থেকে যাত্রাবাড়ীর পথে ফ্লাইওভারের উপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এছাড়া গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পাশে ও সায়দাবাদ বাস টার্মিনালের সামনের সড়কও বাস রেখে আটকে যানচলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক তানভীর আহাম্মেদ।
যাত্রাবাড়ীর ওসি আনিসুর জানান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের ওই সংঘর্ষের পর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায়ও যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
ডিএমপির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. মাইনুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যে কার্যালয় নিয়ে গোলমালের শুরু, তা এখন তালাবদ্ধ। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
“দুই পক্ষের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। কার্যালয়টি নিয়ে তাদের সবার সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
শফিকুল নামে একজন বাস শ্রমিক বলেন, ওই কার্যালয়টি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ছিল, কিন্তু রোববার রাতে ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের নেতা সফর আলী তা দখল করেন।
“এ কারণে আজ (সোমবার) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কর্মীরা বাস চালানো বন্ধ করে দিয়ে ওই অফিসে তালা ঝুলিয়ে দেয়।”
বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০০৬ সালের শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের জাতীয়ভিত্তিক কোনো ইউনিয়ন থাকতে পারবে না। এর ফলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকারিতা ওখানেই শেষ হয়ে গেছে।
“যে অফিসটি নিয়ে বিরোধ, সেটি ঢাকা জেলা শ্রমিক ইউনিয়নের। আদালতের মাধ্যমেই এটি মীমাংসিত।”
জটিলতার অবসানে বৈধ মালিকদের কার্যালয়টি বুঝিয়ে দিতে পুলিশকে অনুরোধ করেছেন বলে জানান শ্রমিক নেতা ওসমান আলী।
শ্রমিকদের এই বিরোধের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. এনায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা দ্রুত এই জটিলতার অবসান চান।
