রামকৃষ্ণ মিশনের নিরাপত্তায় ‘সন্তুষ্ট’ ভারত
ঢাকায় রামকৃষ্ণ মিশনের নিরাপত্তায় নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।
রোববার মিশনে গিয়ে নিরাপত্তা পর্যবেক্ষণের পাশাপাশি ধর্ম গুরুদের সঙ্গে কথা বলেন তিনি।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার সৈয়দ নুরুল ইসলাম তাদের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তাকে জানান।
পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ‘মিশনের নিরাপত্তায় সহযোগিতার জন্য’ বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান হাই কমিশনার।
নিরাপত্তা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশ সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তাতে আমরা সন্তুষ্ট।”
হাই কমিশনার বলেন, স্থানীয় কর্তৃপক্ষের প্রতি তাদের ‘পূর্ণ আস্থা’ রয়েছে, যারা মিশন ও অন্যান্য জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা দিতে সক্ষম।
সম্প্রতি ঢাকার রামকৃষ্ণ মিশনের এক ধর্মগুরুকে আইএসের নামে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার পর বিষয়টি নিয়ে ঢাকার সঙ্গে যোগাযোগ করে নয়া দিল্লি।
“বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র, এখানে ধর্মপ্রচার করতে পারবি না। ধর্মপ্রচার করা হলে ২০ থেকে ৩০ তারিখের মধ্যে তোকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হবে,” ওই ধর্মগুরুর উদ্দেশ্যে চিঠিতে বলা হয় বলে জানায় পুলিশ।
তবে ২০ থেকে ৩০ তারিখ কোন মাসের সে বিষয়ে চিঠিতে কিছু বলা হয়নি।
মোদী তার অতিরিক্ত সচিব ভাস্কর খুলবেকে বিষয়টি দেখার দায়িত্ব দেন বলেও জানায় ভারতীয় পত্রিকাটি।
এর মধ্যে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ এক বিবৃতিতে জানান, রামকৃষ্ণ মিশনের গুরুকে হুমকির বিষয়টি নিয়ে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বাংলাদেশ সরকার ‘পূর্ণ সহযোগিতা ও সুরক্ষার’ প্রতিশ্রুতি দিয়েছে।
চলতি মাসে পাবনায় ঠাকুর অনুকুলচন্দ্র সৎসংঘ আশ্রমের এক সেবক এবং ঝিনাইদহে এক হিন্দু পুরোহিত খুন হওয়ার পরও ঘটনাস্থল পরিদর্শন করেন ভারতীয় হাই কমিশনের কর্মকর্তারা।
সম্প্রতি কয়েকটি স্থানে হিন্দু পুরোহিত হত্যাকাণ্ডের পর আইএস কিংবা আল কায়দার নামে বিবৃতি এলেও আন্তর্জাতিক এই জঙ্গি দল দুটির সংগঠিত তৎপরতা বাংলাদেশে নেই বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।
ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) রাজেশ উইকি, ফার্স্ট সেক্রেটারি (কনস্যুলার) রমাকান্ত গুপ্ত ও প্রেস অ্যাটাশে রঞ্জন মণ্ডল হাই কমিশনারের সঙ্গে রামকৃষ্ণ মিশনে যান।
