ঈদে সবাই বাড়ি যাবেন নিরাপদে, আশা নৌমন্ত্রীর
এবার ঈদে নৌপথে বাড়ি ফিরতে মানুষকে কম ভোগান্তি পোহাতে হবে বলে আশা করছেন নৌমন্ত্রী শাজাহান খান।
রোববার বিআইডব্লিউটিএ ভবনে নৌপথে ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে এক সভায় মন্ত্রী বলেন, “এবারের ঈদে সবাই নিরাপদে বাড়ি যাবেন।”
লঞ্চ মালিক-শ্রমিক ফেডারেশন, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসির প্রতিনিধি, দক্ষিণের কয়েকটি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপাররা সভায় উপস্থিত ছিলেন। ঈদে ঘরমুখী মানুষকে সেবা দিতে গিয়ে নানা প্রতিবন্ধকতার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন তারা।
সভায় শাজাহান খান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে নৌপথের উন্নয়নে কাজ করছি। নৌ-দুর্ঘটনা আগের চেয়ে কমেছে। সবাই সহযোগিতা করলে দুর্ঘটনা শূণ্যের কোটায় নামিয়ে আনা সম্ভব হবে।”
মন্ত্রী ঈদে অতিরিক্ত ভাড়া না নিতে নৌযান মালিকদের প্রতি আহ্বানও জানান।
চাঁদপুরের হরিণা ফেরিঘাটে চাঁদাবাজির অভিযোগ তোলেন সেখানকার পুলিশ সুপার শামসুন্নাহার। এছাড়া ঢাকা-চাঁদপুর রুটের লঞ্চের শ্রমিকরা যাত্রীদের কাছে কেবিন ভাড়া দেয়ায় সেখানে নানা অনৈতিক কাজ হচ্ছে বলে জানান তিনি। এ ব্যাপারে ব্যবস্থা নিতে তিনি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
নৌমন্ত্রী তাৎক্ষনিকভাবে শ্রমিক ফেডারেশনের প্রতিনিধিকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলেন।
চাঁদপুরের পুলিশ সুপারের অভিযোগের প্রতিক্রিয়ায় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম জানান, নৌযান মালিকরা শ্রমিকদের ঠিকমতো বেতন দেয় না বলেই শ্রমিকরা কেবিন ভাড়া দিতে বাধ্য হন। তবে কেবিন ভাড়া না দেওয়ার বিষয়ে শ্রমিকদের সচেতন করা হবে বলে জানান তিনি।
ঈদের আগে বরিশালের লঞ্চ ঠিকমতো পাওয়া যায় না বলে সভায় জানান ঢাকা মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার (ট্রাফিক) মো. মফিজ উদ্দিন আহমেদ। এবার যেন তা না হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রীকে অনুরোধ করেন তিনি।
নোয়াখালী-মজু চৌধুরীর হাট সড়কটি সরু হওয়ায় ঈদের আগে এ সড়কে দুর্ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়ে লক্ষ্মীপুরের এসপি আ স ম মাহতাব উদ্দিন এখান থেকে শরীয়তপুর, মাদারীপুরে লঞ্চ চালুর পরামর্শ দেন।
নিরাপত্তা বাড়াতে ঈদের আগে বরিশাল নদীবন্দরকে ক্লোজসার্কিট ক্যামেরার আওতায় আনতে বিআইডব্লিউটিএর প্রতি আহ্বান জানান বরিশাল মহানগর পুলিশের একজন উপ-কমিশনার।
এছাড়া বরিশাল লঞ্চঘাটে নেমে বিভিন্ন গন্তব্যে যাওয়ার পরিবহন পাওয়া না পাওয়ার দুর্ভোগের কথাও জানান তিনি।
যানজট এড়াতে দৌলতদিয়ায় গাড়ি না থাকলেও খালি ফেরি নিয়েই এপারে চলে আসার ব্যবস্থা নিতে বিআইডব্লিউটিসি চেয়ারম্যানকে নির্দেশ দেন মন্ত্রী।
ঈদের অন্তত দুই মাস আগে এ ধরনের বৈঠক করার পরামর্শ দেন বাংলাদেশ যাত্রী পরিবহন সংস্থার যুগ্ম সম্পাদক শহীদুর রহমান ভূঁইয়া।
তিনি বলেন, “সাতদিন আগে বৈঠক করে কোনো লাভ হবে না। কারণ বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়, সেগুলো বাস্তবায়ন এত কম সময়ে সম্ভব হয় না।”
