পাকিস্তানের বিবৃতি একাত্তরের দায় স্বীকারের শামিল: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে পাকিস্তান কার্যত একাত্তরের গণহত্যায় নিজেদের ‘সম্পৃক্ততা ও দায়’ স্বীকার করে নিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
জাতীয় সংসদের রোববারের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে পাকিস্তান সরকারের বিবৃতি প্রকৃতপক্ষে একাত্তরে গণহত্যায় সম্পৃক্ততা ও এর দায়-দায়িত্ব স্বীকার করে নেওয়ার শামিল।”
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ড পাওয়া মতিউর রহমান নিজামীকে ‘পাকিস্তানপ্রেমী’ বলেছিল দেশটি। পাকিস্তান সরকার ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দল মুক্তিযুদ্ধে বাঙালি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের হোতা নিজামীর ফাঁসি কার্যকরের নিন্দা জানায়।
তার মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জামায়াতের আমিরের একমাত্র অপরাধ ছিল, তিনি পাকিস্তানের সংবিধান ও আইন সমুন্নত রাখতে চেয়েছিলেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহমান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মো. কামরুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের সময়ও একই প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বেগম পিনু খানের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “১৯৭১ সালে পাকিস্তান সামরিক বাহিনী গণহত্যার প্রত্যক্ষ সহযোগী যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করার পর বিভিন্ন সময় পাকিস্তানের সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঔদ্ধত্যপূর্ণ বিবৃতি দিয়েছে, যা একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে নির্লজ্জ হস্তক্ষেপ।
“পাকিস্তানের এ ধরনের কর্মকাণ্ড ও মন্তব্য নিঃসন্দেহে সম্পূর্ণ অসঙ্গত, পক্ষপাতদুষ্ট এবং পুরোপুরি অগ্রহণযোগ্য ও শিষ্টাচারবহির্ভূত।”
নিজামীর মৃত্যুদণ্ড পুর্নবিবেচনার আবেদন খারিজের পর পাকিস্তানের বিবৃতিতে বলা হয়েছিল, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির আলোকে একাত্তরে ঘটনাবলী নিয়ে বাংলাদেশের কাছ থেকে ‘ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গী’ আশা করে তারা।
আর ফাঁসি কার্যকরের পর দেওয়া বিবৃতিতে পাকিস্তান দাবি করেছে, ত্রিপক্ষীয় চুক্তিতে ‘বাংলাদেশ সরকার একাত্তরের কর্মকাণ্ড ক্ষমার দৃষ্টিতে বিবেচনা করে বিচারের কাজে এগুবে না’ বলে সিদ্ধান্ত নিয়েছিল।
রোববার সংসদে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিদেশীয় চুক্তিতে বাংলাদেশের গণহত্যা, অগ্নিসংযোগ ও ধর্ষণের মতো অপরাধের বিচার করা যাবে না- এমন কোনো কিছু উল্লেখ নেই।
“বরং পাকিস্তানই ১৯৭১ সালে গণহত্যার জন্য চিহ্নিত ও আটককৃত নিজ দেশের নাগরিকদের বিচারের আওতায় আনার বাধ্যবাধকতা অনুসরণে ব্যর্থ হয়েছে।”
ওই চুক্তির ১৩ অনুচ্ছেদ অনুযায়ী, ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার পাকিস্তান সরকার করবে- এ অঙ্গীকার পেয়ে বাংলাদেশ সরকার তাদের পাকিস্তানের কাছে হস্তান্তর করে। পাকিস্তান সরকার তাদের বিচার করেনি।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে গত ১০ মে নিজমীর ফাঁসির পর পরিস্থিতি পর্যালোচনার কথা বলে ঢাকা থেকে তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওসতুর্ককে আঙ্কারায় ফিরিয়ে নেওয়া হয়।
এবিষয়ে পররাষ্ট্রমন্ত্রী সংসদকে বলেন, “বিষয়টি কূটনৈতিকভাবে মোকাবেলা করা হচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে এ সকল অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সরকারের সজাগ দৃষ্টি রয়েছে।”
‘আমেরিকাতে কি গণতন্ত্র নাই?’
সংসদে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বলেন, “সারা পৃথিবীতে অস্থির সময় যাচ্ছে। আর যারা এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে তারা আমাদের উন্নয়নের অগ্রগতি থামিয়ে দিতে চায়। কথায় আছে সুখে থাকলে ভুতে কিলায়। বাংলাদেশও নানা প্রকার বাহিনীর নামে, খবরের কাগজ খুললেই দেখি হত্যা করছে। তারা এখন অস্থির করতে চায়।”
এসব হত্যাকাণ্ডের জন্য যারা বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেন তাদের উদ্দেশে তিনি বলেন, “কেউ কেউ ফরমায়েশ করছেন, এসব ঘটনা হচ্ছে দেশে গণতন্ত্র নাই, ভাল নির্বাচন হয় নাই বলে। তাদের জিজ্ঞেস করতে ইচ্ছা করে, আচ্ছা আমেরিকাতে কি গণতন্ত্র নাই। আমেরিকাতেও কি মানুষ মারছে না? স্কুলে, কলেজে মানুষ মারছে না? কোন ক্লাবে যেন নাম বলতে চাই না একবারে ৫৩ জন মারা গেল।”
বাংলাদেশে একটা-দুইটা হত্যার ঘটনার পর যারা ‘গণতন্ত্র নেই বলে নছিহত করে’ বিবৃতি দেন তাদেরও সমালোচনা করেন গণশিক্ষামন্ত্রী।
গণতান্ত্রিক চর্চায় এগিয়ে থাকা বিভিন্ন দেশে সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরে তিনি বলেন, “ফ্রান্সে গণতন্ত্র নাই? বৃটেনে গণতন্ত্র নাই? সেখানেও তো এই ঘটনা ঘটছে।
“সারা পৃথিবী যদি অশান্ত হয়। আর এর পেছনে কারা ইন্ধনদাতা সেটাও গবেষণা করতে হবে।”
বিএনপি জামায়াতের সমালোচনা করে গণশিক্ষামন্ত্রী বলেন, কেউ কেউ বলছেন নির্বাচন দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। যারা মানুষ মারছে তারা তো নির্বাচন চাচ্ছে না। তাহলে যারা চাচ্ছেন তারা কি পরিবেশ সৃষ্টি করার জন্য এটা করছেন।
“কেউ বলছেন সমস্যার সমাধানে জাতীয় সংলাপ করতে হবে। আমরা কার সঙ্গে বসব মুফতি হান্নানের সঙ্গে?
“আইএস মানে কী জানি না। আমি বুঝি ইসলামি ছাত্র শিবির।”
