প্রয়োজনে ফের সাঁড়াশি অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
সাত দিনের সাঁড়াশি অভিযান সফল হওয়ার দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রয়োজনে আবারও অভিযান শুরু করা হবে।
শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন (এনেক্স) ভবনের মাঠে বাংলাদেশ আইন সমিতি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সাড়াঁশি অভিযান সফল হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, “অবশ্যই সফল হয়েছে। কোর্ট থেকে বহু মানুষের নামে ওয়ারেন্ট ছিল, আমরা নির্বাচনের জন্য সেই ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে পারিনি। সেইটুকু আমরা পাইনি।
“আমরা এই স্পেশাল অভিযোগের মাধ্যমে আসামিদের ধরতে পেয়েছি। ক্রিমিনাল যারা ছিল, সন্দেহভাজন ক্রিমিনাল যারা ছিল তাদের ধরতে পেরেছি।
“ঈদকে লক্ষ্য রেখে ক্রিমিনালদের ধরতে পেরেছি, সেজন্য আমরা আশা করছি ঈদ পর্যন্ত ... যেমন ঈদের কেনাকাটা বলেন, রোজসহ ধর্মীয় উৎসবগুলো জনগণ ভালোভাবে উদযাপন করতে পারবে।”
সারা দেশে উগ্রপন্থিদের হাতে একের পর এক ‘টার্গেট কিলিং’ চলার মধ্যে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে কুপিয়ে ও গুলি করে খুনের পর গত ১০ জুন ভোর থেকে জঙ্গি দমনে ‘সাঁড়াশি অভিযান’ শুরু করে পুলিশ।
সপ্তাহব্যাপী এ অভিযানে ১১ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তারের পাশাপাশি সন্দেহভাজন মোট ১৯৪ জঙ্গিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযান প্রসঙ্গে আসাদুজ্জামান খাঁন বলেন, “এই ধরনের অভিযান একটা চলমান প্রক্রিয়া। যখনই প্রয়োজন হয়, তখনই আমরা এগুলো করি। অর্থাৎ অভিযান শেষ হয়েছে শুরু হয়েছে, এটা কোনো কথা নয়, যখনেই প্রয়োজন হবে অভিযান শুরু করব।”
অভিযানের নামে বিএনপির নেতাকর্মীদের আটক করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “দেখেন অনেকে অনেক কিছু বলে। যেমন দেশের এক রাজনৈতিকদলের দলের নেতা রুহুল কবির রিজভী।
“তিনি বলেছেন তার নেতাকর্মীদের আমরা নাকি ধরে ফেলছি, আমরা ধরি আদালত কতৃর্ক ওয়ারেন্টভুক্ত আসামি।”
মাদারীপুরে শিক্ষকের উপর হামলার সময় হাতেনাতে গ্রেপ্তার গোলাম ফাইজুল্লাহ ফাহিমের মৃত্যুর বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তার সঙ্গী-সাথীরা তাকে গুলি করে হত্যা করতে পারে। যাতে তাদের নাম না বলেন। এক্ষেত্রে সঠিক কী হয়েছে এটা আমি এখন বলতে পারব না।”
গত বুধবার মাদারীপুরে সরকারি নাজিম উদ্দিন কলেজের গণিতের প্রভাষক রিপন চক্রবর্তীর উপর হামলার পর জনতা ফাহিমকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছিল।
ফাহিমের দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ওই হামলার ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। এরপর শুক্রবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে নিয়েছিল পুলিশ।
শনিবার সকালে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন ফাহিম।
