বৈদ্যুতিক ট্রেন নিরীক্ষার পর্যায়ে: মন্ত্রী
বাংলাদেশে বৈদ্যুতিক ট্রেন চালু করার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা পর্যায়ে রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
জাতীয় সংসদের শনিবার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রেলওয়েতে বৈদ্যুতিক ট্রেন চালুর জন্য নারায়ণগঞ্জ হতে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত ইলেকট্রিক ট্র্র্যাকশন লাইন চালুর সম্ভাব্যতা সমীক্ষা প্রস্তাব প্রণয়ন করে পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে।”
সমীক্ষা প্রস্তাবটি অনুমোদন হলে বৈদ্যুতিক ট্রেন চালুর বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান মুজিবুল হক।
ভবিষ্যৎ চাহিদার বিবেচনায় রেলে মাছ, মাংস, শাক-সবজি পরিবহনের জন্য ‘রেফ্রিজারেটর বগি’ কেনার বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
মন্ত্রী জানান, বর্তমানে রেলওয়ের ১ হাজার ৪৭১টি যাত্রীবাহী বগি রয়েছে। প্রয়োজনের তুলনায় এই সংখ্যা যথেষ্ট নয়। চাহিদা পূরণের জন্য পর্যায়ক্রমে নতুন বগি সংগ্রহের কার্যক্রম চলছে।
বর্তমানে রেলওয়ের ২৮২টি লোকোমেটিভ রয়েছে জানিয়ে মুজিবুল হক বলেন, এর মধ্যে ১৮৬টি মিটার গেজ ও ৯৬টি ব্রড গেজ।
সারা দেশে রেলওয়ের ভূমির পরিমাণ ৬১ হাজার ৮২০ দশমিক ৯৭ একর বলে সংসদে জানানো হয়। এর মধ্যে ৪ হাজার ৩৯১ দশমিক ৩৯ একর জমি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবৈধ দখলে রয়েছে।
