২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরফ রেখে মাংসের ওজন বাড়িয়ে বেচায় জরিমানা

রাজধানীর হাতিরপুল বাজারে বরফের মধ্যে গরুর মাংস রেখে ওজন বাড়িয়ে বিক্রির অভিযোগে কয়েক দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2016, 12:34 AM

Updated : 12 Apr 2022, 02:18 AM

অভিযানে এই প্রতারণা ছাড়াও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মুরগি বিক্রির অভিযোগসহ আরও কয়েকটি অভিযোগে মোট ১৫ জনকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত র‌্যাব-৩, বিএসটিআই এবং ঢাকা জেলা বাজার কর্মকর্তা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম নেতৃত্ব দেন।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাতিরপুলের মাছ, মাংস, সবজির বাজার ছাড়াও ফলের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। তবে ফলের দোকান ছাড়া সবগুলোতেই জরিমানা করা হয়।

আদালত মাংসের বাজারে ঢুকে বরফের মধ্যে মাংস রাখা দেখতে পায়। এতে বেশ কিছু দিন আগে রাখা মাংস শক্ত এবং বিবর্ণ হয়ে যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওজন বাড়ানোর জন্য বিক্রেতারা বরফে মাংস রাখে বলে জানতে পারে অভিযানকারী দল। এই প্রক্রিয়ায় তাজা মাংসের সঙ্গে অবিক্রিত পুরনো মাংসও তারা বরফে মিশিয়ে বিক্রি করে থাকে।

শুকুর মিয়া, বাবুল মিয়া এবং ইসমাইল হোসেন হোসেন নামে তিন মাংস বিক্রেতা দোষ স্বীকার করায় তাদের ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া খাসির মাংস অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে বেলাল হোসেন নামে এক মাংস ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

মুরগির মাংসে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত নেওয়ার অভিযোগে আনসারুল ইসলাম, মাসুম মিয়া, সবুজ মিয়া, নবীউর রহমান, তাজুল ইসলাম, জামাল হোসেন এবং রাজিব হোসেন নামে সাতজনকে ৪৮ হাজার টাকা জরিমানা করার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আর ময়লা পানিতে মুরগির ড্রেসিং করায় দীন মোহাম্মদ নামে এক ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

একই বাজারে বেশি দামে সবজি বিক্রি করায় মাহাবুব আলম নামে একজনকে দশ হাজার, মাছ ব্যবসায়ী আক্তার হোসেন ও ফারুক হোসেনকে দুই হাজার করে চার হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আদালত ছয়টি ফলের দোকানে অভিযান চালিয়ে আম, আপেল ও মালটার ১৮টি নমুনা পরীক্ষা করে। কিন্তু কোনটিতেই ফরমালিন পায়নি। এছাড়া বাজারের বিভিন্ন ওজন মাপার যন্ত্র পরীক্ষা করে কোনো ক্রুটি পাওয়া যায়নি।