রাঙতা মেলা: ‘সাহসরাঙা শখের ঝাঁপি’
প্রতিভা ও উদ্ভাবনী ক্ষমতায় পিছিয়ে নেই নারীরা, তাদের মধ্যে রয়েছে একতা- এই বার্তাকে উপজীব্য করে পোশাক ও প্রসাধনীসহ নারীদের জন্য নারীর তৈরি বিভিন্ন পণ্য নিয়ে ঢাকায় শুরু হয়েছে ‘রাঙতা’ মেলা।
একদল নারী উদ্যোক্তার সংগঠন ‘মেয়ে নেটওয়ার্ক’ আয়োজিত এ মেলার নাম দেওয়া হয়েছে ‘সাহসরাঙা শখের ঝাঁপি’।
ধানমন্ডির মাইডাস সেন্টারে শুক্রবার সকালে শুরু হওয়া এ মেলা শনিবারও ঘুরে দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা।
নারীদের বিভিন্ন ইস্যুতে সোচ্চার সংগঠন ‘মেয়ে নেটওয়ার্কের’ সদস্যরা বলছেন, মেলায় নিজেদের মেধার পরিচয় তুলে ধরার পাশাপাশি দেশীয় পণ্যকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যও রয়েছে তাদের।
‘মেয়ে নেটওয়ার্কের’ উদ্যোক্তা শাখা ‘হুটহাট’র এটা তৃতীয় আয়োজন বলে জানান সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা তৃষিয়া নাশতারানা।
“ক্রেতা ও বিক্রেতার মধ্যে পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে আমরা নিজেদের কাজগুলোকেও পরখ করে নিচ্ছি।”
মেলাতে কোনো পাকিস্তানি কাপড় নেই বলে জানান তৃষিয়া।
“আমরা লক্ষ্য করেছি- বিভিন্ন বিপণিবিতানে পাকিস্তানি কাপড়ের খুব প্রাধান্য। এতে একদিকে যেমন আমাদের দেশের তাঁতিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনিভাবে দেশজ কাপড়ের চাহিদাও কিন্তু অযৌক্তিকভাবে কমছে। আমরা এর প্রতিবাদ জানাতে চেয়েছি।”
‘হুটহাট’ এর অন্যতম উদ্যোক্তা ফোয়ারা ফেরদৌস বলেন, “ছেলে বন্ধুদের মহলে প্রায়ই বলতে শোনা যায়, মেয়েরা নাকি মেয়েদের প্রধান শত্রু। আমরা এসব প্রচলিত ধারণা ভাঙতে চেয়েছি। নারীর একতায় নতুন কিছু করে দেখানোর তাগিদেই এ মেলাটির আয়োজন।”
২০১৩ সালে ‘হুটহাট’ এর উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হয় রাঙতা মেলা। সেই মেলায় পোশাককে ছাপিয়ে সবচেয়ে বেশি বিক্রি হয় বই। সেই মেলার সফল উদ্যোক্তা ‘আকাশলীনা’র স্টলে প্রবন্ধ, অনুবাদ সাহিত্য, কাব্যগ্রন্থ, উপন্যাসের পাশাপাশি ‘তিন গোয়েন্দা’, ‘মাসুদ রানা’ও ঠাঁই পায়।
ফোয়ারা বলেন, “তুলা ও কুড়ানো শাড়িকে আমরা কাঁচামাল হিসেবে ব্যবহার করেছি। আমাদের নকশায় ঠাকুরগাঁওয়ের তাঁতিরা এ শাড়ি বুনেছেন। শাড়িতে বিভিন্ন রকম প্যাচওয়ার্কের কাজও রয়েছে।”
ফেইসবুক পেইজ ‘স্পার্কল’ এর মাধ্যমে কাপড়ের ব্যবসা শুরু করেছিলেন বেসরকারি চাকরিজীবী গুলশান ওয়াসেফ। তারপর বৃহত্তর উদ্যোগে শামিল হতেই যুক্ত হন ‘হুটহাট’-এ। ‘স্পার্কলের’ স্টলে মিলেছে হ্যান্ডপ্রিন্ট ও বুটিকের শাড়ি।
কাতান, জামদানি ও সিল্কের ওপর বাহারি নকশা একেছেন ‘অংশু’র উদ্যোক্তা তানজিনা হক। রংপুর ও টাঙ্গাইলের জামদানি নিয়ে কাজ করছেন তিনি।
“আমার স্টলে বিক্রি খারাপ হলে পাশের স্টলের আপা এসে আমাকে উৎসাহ দিচ্ছেন। কাজ নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। এমন ভিন্ন প্ল্যাটফর্ম আর কোথায় আছে?”
নারায়ণগঞ্জের রূপগঞ্জের জামদানি নিয়ে কাজ করছেন ‘তন্তু’র উদ্যোক্তা সাবরিনা আমান রিভী। ‘অ্যাসথেটিকস বাংলাদেশের’ নাজিমুস সাবা কাজ করছেন রাজশাহীর সিল্কের ওপর।
শুধু পোশাকের নয়, মেলাতে রয়েছে খাবারের স্টলও। ‘সুগারক্যাসল’ স্টলে মিলেছে বিভিন্ন স্বাদের হরেক নকশার কেক। সেখানে ছিল নিউ ইয়র্ক স্টাইল চিজ কেক, ভ্যানিলা কার্মেল কেক, লেমন সোয়ার ক্রিম টি কেক, ডেট কেক, কাপ কেক, মার্বেল কাপ কেক।
হেবাংয়ের উদ্যোক্তারা বলছেন, নিজেদের খাবারের সঙ্গে বাঙালির নানা খাবারের মিশ্রণে এক ‘নতুন পরীক্ষা’ শুরু করেছেন তারা।
মেলা ঘুরতে আসা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ইফাত তাবাসসুম বলেন, “ফেইসবুকের মাধ্যমে এই উদ্যোক্তা গ্রুপটির সঙ্গে পরিচয়। পেশাগত কাজের বাইরে এসে নতুনভাবে তারা নতুন কিছু করছেন, এটি সবার জন্য খুব উৎসাহের ব্যাপার।”
বেসরকারি চাকরিজীবী শাকিলা ফেরদৌস বলেন, “মেয়েরা আত্মনির্ভরশীল হয়ে উঠছে। নিজেরাই নিজেদের পণ্য নিয়ে বাজারে প্রতিযোগিতায় নামছে, এ তো বড় সুখবর।”
মেলায় পণ্যের গুণগত মান নিয়ে প্রশ্ন না থাকলেও পণ্যের দাম নিয়ে বেজায় নাখোশ বেসরকারি একটি কলেজের প্রভাষক সুস্মিতা কর।
তিনি বলেন, “মেলায় উদ্যোক্তাদের পণ্য খুবই ভালো। কিন্তু তারা যেসব পণ্য বিক্রি করছেন, বাইরের মার্কেটে তার দাম অনেক কম। এসব দেখে মনে হচ্ছে, মেলাটি শুধু একটি নির্দিষ্ট শ্রেণির ক্রেতাদের জন্যই সীমাবদ্ধ।”
তবে মেলার আয়োজকরা বলছেন, “তাঁতিদের মেধাস্বত্ত্ব ও পরিশ্রমের বিষয়টি মাথায় রেখে পণ্যের দাম একটু বেশি রাখা হয়েছে।”
‘মেয়ে নেটওয়ার্ক’র কার্যক্রম ঢাকার বাইরেও ছড়িয়ে দেওয়ার আগ্রহ রয়েছে জানিয়ে সংগঠনটির অন্যতম সদস্য ঈশিতা বলেন, “মফস্বলের নারীরাও যেন নিজেদের নানা উদ্ভাবনী পণ্য নিয়ে আমাদের মেলায় অংশ নেন- আমরা তা চাই।”
