‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে সংকটে পড়তে পারে পর্যটন খাত’
বৌদ্ধ সংস্কৃতির ঐতিহ্যবাহী বিভিন্ন নির্দশন দেশি-বিদেশি পর্যটক আকর্ষণে সম্ভাবনাময় হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে দেশের পর্যটন শিল্প সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বৌদ্ধ সম্প্রদায়ের পর্যটন বিশেষজ্ঞরা।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ফায়দা নিয়ে প্রতিক্রিয়াশীল একটি চক্র বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে অভিযোগ করে তাদের আক্রমণ থেকে বৌদ্ধ সংস্কৃতির নির্দশনগুলো সংরক্ষণ ও নিরাপত্তা জোরদারের আহ্বানও জানিয়েছেন তারা।
শুক্রবার রাজধানীতে পর্যটন কর্পোরেশনের হোটেল অবকাশে ‘বৌদ্ধ পর্যটন বৃত্ত’ শিরোনামের এক সেমিনারে এসব বিষয় আলোচিত হয়। পর্যটন সংস্থা ‘চারুদেশ’ এই সেমিনার আয়োজন করে।
বৌদ্ধ অ্যাক্টিভিস্ট ও পর্যটন বিশেষজ্ঞ সুনন্দপ্রিয় মহাথেরু বলেন, “রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশ যাতে অগ্রসর হতে না পারে সেজন্য এক শ্রেণির লোক সবসময় তৎপর রয়েছে।
“তারা দেশের বাইরে বাংলাদেশ সম্পর্কে বাজে ধারণা প্রচার করছেন। এতে পর্যটকদের মনে বিরুপ প্রতিক্রিয়া হচ্ছে। পর্যটন শিল্পের বিকাশের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির ইস্যুকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”
সেমিনারে ‘বৌদ্ধ ঐতিহ্যবাহী স্থানসমূহের টেকসই সংরক্ষণ, সাম্প্রদায়িক সম্প্রীতি ও তীর্থযাত্রীদের নিরাপত্তা’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া।
দেশের বিভিন্ন স্থানে একের পর এক সাম্প্রদায়িক হামলা ও হত্যাকাণ্ড ঘটতে থাকায় বৌদ্ধরা নিরাপত্তাহীনতায় ভোগার পাশাপাশি বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য নিয়ে আগ্রহী বিদেশি পর্যটকরাও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পিছু হটছে বলে মনে করেন তিনি।
সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর প্রতিবাদ জানিয়ে অধ্যাপক বিকিরণ বলেন, “বাংলাদেশে রামুর ঘটনা, ভিক্ষু জ্ঞানজ্যোতি হত্যা, ভিক্ষু উ গাইন্দা হত্যার ঘটনায় বৌদ্ধরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।
“বৌদ্ধ ঐতিহ্যের স্থানগুলোতে পরিকল্পনার যথেষ্ট ঘাটতি রয়েছে। বিদেশি পর্যটকরা বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য নিয়ে আগ্রহী হয়ে উঠলেও নিরাপত্তা ইস্যুতে তারা পিছু হটেছে।”
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনিক নিয়ন্ত্রণ সেল গঠন করার সঙ্গে সঙ্গে একটি মহাপরিকল্পনা নেওয়ার প্রস্তাবনা আনেন তিনি।
প্রস্তাবনায় বৌদ্ধ ঐতিহ্যবাহী এলাকাগুলোতে পর্যটকবান্ধব অবকাঠামো নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো ও সঠিক প্রচার-প্রচারণার বিষয়গুলোতে জোর দেওয়ার কথা বলেন অধ্যাপক বিকিরণ।
মূল প্রবন্ধে বাংলাদেশে বৌদ্ধধর্মের সংক্ষিপ্ত ইতিহাস, ভাসুবিহার ও সাভারের স্তুপ, পাল রাজত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনার পর বৌদ্ধবিহার আবিষ্কার ও অনাবিষ্কার ইস্যুতে আলোকপাত করেন তিনি।
অধ্যাপক বিকিরণ বলেন, “পাল সাম্রাজ্যের অবসানের পর বৌদ্ধ প্রতিষ্ঠান, মহাবিহারগুলো শতাব্দীর পর শতাব্দী পরিচর্যাহীন অবস্থায় পড়ে ছিল। তৎকালীন প্রশাসক, রাজা ও প্রতিক্রিয়াশীলদের নিষ্ঠুরতা ও অসহযোগিতার কারণে বৌদ্ধ ঐতিহ্যগুলো মাটির নিচে চাপা পড়ে গেছে। ভারতের বৌদ্ধ ঐতিহ্যের শতকরা ৩০ ভাগ ও বাংলাদেশে শতকরা ১৫ ভাগ খননকার্য সম্পন্ন হয়েছে।
বিভিন্ন বৌদ্ধ মহাবিহার ঘুরে এসে তার অভিযোগ, আবিষ্কৃত বৌদ্ধবিহারের পাশে বসবাসকারী অন্যান্য ধর্মাবলম্বীরা ঐতিহ্য সংরক্ষণের ব্যাপারে তেমন ‘আন্তরিক নন’। তারা এসব ঐতিহ্যবাহী স্থাপনার ইট খুলে নিয়ে নিজেদের বাড়ি নির্মাণের কাজে ব্যবহার করছেন।
নিরাপত্তার ইস্যুতে পর্যটনশিল্পে বড় ক্ষতি হচ্ছে বলেও মনে করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরুপ চৌধুরী।
“ধর্মীয় গ্রুপগুলো দেশব্যাপী বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এতে বিভিন্ন দেশ নানারকম সতর্ক সংকেত জারি করছে। ব্যাপারগুলো দেশের জন্য মোটেই ভালো হচ্ছে না।
“বাংলাদেশ হচ্ছে পর্যটনের সোনার খনি। পর্যটকরা এখন বাংলাদেশকে বাদ দিয়ে অন্য দেশে চলে যাচ্ছে। পর্যটন ব্যবসায় ভীষণ ক্ষতি হচ্ছে।”
এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থায়নে দেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থানগুলোতে অবকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হয়েছে জানিয়ে ঈদের পর বৌদ্ধ ঐতিহ্যগুলোতেও আধুনিকতার ছোঁয়া লাগবে বলে আশ্বাস দেন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অপরুপ।
সেমিনার থেকে বাংলাদেশ, ভারত, নেপাল ও মিয়ানমার এই চারদেশ নিয়ে বুড্ডিস্ট ট্যুরিজম সার্কিটের জন্য প্রাচীন বৌদ্ধ নিদর্শন ও বৌদ্ধ ঐতিহ্য সংরক্ষণে সুসংহত পরিচালনা প্রশাসন নীতিমালা প্রণয়েরও দাবি এসেছে।
এ প্রসঙ্গে বৌদ্ধ ঐতিহ্য রক্ষায় বাংলাদেশ, ভারত, নেপালকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান নেপাল দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স সুশীল কে লাংশান।
তিনি বলেন, “বাংলাদেশ, ভারত, নেপাল- কোনো দেশকে বাদ দিয়ে বৌদ্ধ সার্কিট ট্যুরিজম সম্ভব হবে না। তিনটি দেশে বৌদ্ধ সংস্কৃতির যেসব নিদর্শন রয়েছে, তার কোনো কিছুই তিনটি দেশ বা দেশবাসীর নয়। এসবগুলো কিন্তু বিশ্ব মানবতার নিদর্শন।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে একুশে পদকজয়ী শিক্ষাবিদ, ভাষা সংগ্রামী ও কুমুদিনী ট্রাস্টের পরিচালক প্রতিভা মুৎসুদ্দি উপস্থিত ছিলেন।
