পুলিশি হয়রানির প্রতিবাদে রিকশা শ্রমিকরা
রিকশা আটক করে পুলিশের ‘ঘুষ আদায়ের’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি শ্রমিক নেতা শাহাদাত খাঁ বলেন, ঈদের আগে গণহারে রিকশা আটক করা হচ্ছে।
“একদিকে সেই রিকশা উদ্ধার করার জন্য তদবির করতে গিয়ে হয়রানি, ঘুষ-দুর্নীতির শিকার হচ্ছেন চালক-মালিকরা। অন্যদিকে রিকশা খোয়ানোর দায়-দায়িত্ব ও জরিমানা গুণতে হচ্ছে চালককে।”
সমাবেশে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস বলেন, রিকশা কয়েক লাখ শ্রমজীবীর পরিবারের রুটি-রুজির মাধ্যম আর স্বল্প আয়ের সাধারণ মানুষের বাহন। যারা ঢাকাকে রিকশামুক্ত করার পরিকল্পনা নিয়েছেন তাদের সাধারণ মানুষের বিকল্প গণপরিবহন কী হবে তা নিয়ে ভাবতে হবে।
সংগঠনের কার্যকরী সভাপতি শাহাদাত খা’র সভাপতিত্বে এবং শ্রমিকনেতা মঞ্জুর মঈনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি শ্রমিক নেতা মাহাবুব আলম, আসলাম খান, পরিবহন শ্রমিক নেতা হযরত আলী।
