আদালতে তুলুন, না হয় মুক্তি দিন: এইচআরডব্লিউ
বাংলাদেশে ‘সাঁড়াশি’ অভিযানে গ্রেপ্তারদের অপরাধমূলক কর্মকাণ্ডের ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণসহ আদালতে হাজির করতে অথবা তাদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
জঙ্গি দমনে গত শুক্রবার অভিযান শুরু হওয়ার কয়েক দিনে ১১ হাজারের বেশি মানুষ গ্রেপ্তারের খবর প্রকাশের প্রেক্ষাপটে বৃহস্পতিবার এক বিবৃতিতে অপরাধের যথাযথ প্রমাণ ছাড়া লোকজনকে ‘স্বেচ্ছাচারী কায়দায়’ গ্রেপ্তার বন্ধের দাবি জানায় সংস্থাটি।
এইচআরডব্লিউ বলছে, বাংলাদেশ সরকারের উচিত সেক্যুলার লেখক, সমকামী অধিকারকর্মী ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার তদন্ত এবং অপরাধীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা।
“এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ এবং দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দায় রয়েছে বাংলাদেশ সরকারের। তবে তা অবশ্যই দেশের ফৌজদারি দণ্ডবিধি ও আন্তর্জাতিক আইনের যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হবে,” বলেছেন সংগঠনটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস।
গত দেড় বছরে লেখক, প্রকাশক, অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যার পাশাপাশি বিদেশি, হিন্দু পুরোহিত, খ্রিস্টান যাজক, বৌদ্ধ ভিক্ষু আক্রান্ত হওয়ার পর সম্প্রতি চট্টগ্রামে একই কায়দায় খুন হন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু।
অভিযানের প্রথম চার দিন সন্দেহভাজন জঙ্গিসহ মোট ১১ হাজার ৩০৭ জনকে গ্রেপ্তারের তথ্য পুলিশ ১৪ জুন জানিয়েছিল। তবে পুরো অভিযানে মোট কতজনকে ধরা হয়েছে তা প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জঙ্গিবিরোধী অভিযানের পাশাপাশি ৬ থেকে ১৩ জুন অস্ত্র, মাদক, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের আরেকটি ‘বিশেষ অভিযান’ চলে।
“ওই চারদিন দুই অভিযানের তথ্য একসঙ্গে প্রকাশ করা হয়েছিল। ১৪ তারিখের পর শুধু জঙ্গি গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে।”
“ভয়াবহ ওই সব হামলায় ধীর গতির ও ‘আত্মতুষ্টিমূলক’ সাড়া দেওয়ার পর বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ তদন্ত করার কঠোর পরিশ্রমের দিকে না গিয়ে পুরনো অভ্যাস ‘সাধারণ সন্দেহভাজনদের’ ধরার দিকে গেছে,” বলেন অ্যাডামস।
গ্রেপ্তারদের কাউকে কাউকে ছেড়ে দেওয়ার জন্য ঘুষ চাওয়ার খবর গণমাধ্যমে এসেছে বলেও মানবাধিকার সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে।
এতে বলা হয়, “গ্রেপ্তারদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের বিশ্বাসযোগ্য প্রমাণ সাপেক্ষে অভিযোগ আনা এবং তাদের অবিলম্বে বিচারকের সামনে হাজির করা উচিত। অথবা তাদের ছেড়ে দেওয়া উচিত।”
