‘বাজেটে প্রান্তিক স্বাস্থ্যসেবায় বরাদ্দ কমেছে’
প্রস্তাবিত বাজেটে প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্যসেবায় প্রকৃত বরাদ্দ কমেছে বলে অভিযোগ করেছে স্বাস্থ্যখাতের কয়েকটি বেসরকারি সংগঠন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শুক্রবার জাতীয় বাজেট ২০১৬-১৭ স্বাস্থ্যখাত বিষয়ে প্রতিক্রিয়া ও মতামত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় স্বাস্থ্য অধিকার আন্দোলন, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ও বাপার পরিবেশ-স্বাস্থ্য কর্মসূচি।
এতে মূল বক্তব্যে ডা. নাজমুন্নাহার জানান, প্রস্তাবিত বাজেটে এবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে ১৫ হাজার ৫৮৩ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব রাখা হয়েছে, যা গতবার ছিল ১২ হাজার ৭২৫ কোটি টাকা।
“সরকার ঘোষিত ৬ শতাংশ মূল্যস্ফীতি, কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি ও জনসংখ্যা বা রোগীর সংখ্যা বৃদ্ধির খরচ মেটানো বাবদ অর্থ বাদ দিলে বাস্তবে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা উপকরণ গ্রহীতাদের জন্য প্রকৃত বরাদ্দ হ্রাস পেয়েছে।”
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে ১৩টি সুপারিশ তুলে ধরা হয়।
এর মধ্যে রয়েছে- অতি দরিদ্র নাগরিকের জন্য স্বল্প ব্যায়ে চিকিৎসা বন্দোবস্ত করা, স্বাস্থ্য সেবাখাতকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, বাজেট বৃদ্ধি করে উপজেলা পর্যায়ের চিকিৎসকদের আবাসন ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা, প্রতিরক্ষা খাতে আলাদা বাজেট থাকায় সেনা স্বাস্থ্যসেবা প্রতিরক্ষা বাজেটের সাথে সম্পৃক্ত রাখা ও পাবলিক হেলথ উন্নয়ন নিশ্চিত করার সুপারিশ।
এছাড়া সরকারি অ্যাম্বুলেন্স সেবা জোরদার করা, স্কুল হেলথ সার্ভিস চালু করা, দেশে মেডিকো- লিগ্যাল শিক্ষা আধুনিকায়ন করা এবং সরকারের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির বিষয়ে মূল্যায়ন ভিত্তিক সমীক্ষার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
অন্যদের মধ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক ডা. আব্দুল মতিন, উবিনীগ নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, হেল্থ রাইইস মুভমেন্ট ন্যাশনাল কমিটির সভাপতি প্রফেসর ডা. রাশিদ-ই-মাহবুব বক্তব্য রাখেন।
