২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরফেরত দুই ভাইয়ের কাছে ১৪ কেজি সোনা

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ কেজি ৩০০ গ্রাম সোনাসহ দুই ভাইকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2016, 03:26 PM

Updated : 11 Oct 2022, 08:23 PM

আটক দুজন হলেন- মামুন খান ও মুরাদ খান। তাদের বাড়ি গাজিপুরে।

থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শুক্রবার দুপুরে তারা সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন বলে ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার রেজাউল করিম হিল্লোল জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গ্রিন চ্যানেল পার হওয়ার আগে দুই ভাইয়ের দেহ তল্লাশি করে চার কেজি সোনার বার ও ১০ কেজি ওজনের বিভিন্ন ধরনের সোনার গহনা পাওয়া যায়।”

রেজাউল বলেন, জব্দ করা সোনার বাজার দর প্রায় সাত কোটি ১৬ লাখ টাকা।

তিনি জানান, দুই ভাই গত ১৪ জুন বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসায় সিঙ্গাপুরে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।